
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইসলামপুর থেকে খালপাড় হয়ে গজরাপাড়া পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষিত সড়কটির নির্মাণকাজ প্রায় দুই বছরেও শেষ হয়নি। কাজের এই ধীরগতির কারণে ওই এলাকার কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে বর্ষাকালে সড়কে কাদাপানি জমে যাওয়ায় শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ী ও চাকরিজীবীদের চলাচল প্রায় অচল হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পর থেকেই ইসলামপুর, খালপাড় ও গজরাপাড়ার মানুষ একটি পাকা সড়কের দাবি জানিয়ে আসছিলেন। দীর্ঘ অপেক্ষার পর সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হলেও কাজের ঢিলেঢালা ভাব ও মাঝেমধ্যে কাজ বন্ধ থাকায় স্থানীয়দের ভোগান্তি কমেনি। বর্ষার আগে সড়কে বালু ফেলে রাখায় বৃষ্টির সময় পরিস্থিতি আরও জটিল রূপ নেয়; তৈরি হয় গভীর কাদা, যার ফলে যানবাহন ও পথচারীদের চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
খালপাড় এলাকার আব্দুল মালেক ও জাহানারা বেগম জানান, সড়কের বেহাল দশার কারণে রিকশাচালকরা এ পথে আসতে চান না, এলেও দ্বিগুণ ভাড়া দাবি করেন। দ্রুত সড়কটির নির্মাণকাজ শেষ করার দাবি জানান তারা। স্থানীয় শিক্ষার্থী তরিকুল ইসলাম দুলাল জানায়, বৃষ্টি হলে কাদা ডিঙিয়ে স্কুলে যাওয়া অসম্ভব হয়ে পড়ে, এতে পোশাক ও বই-খাতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
শহীদ মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, স্বাধীনতার পর প্রথমবার সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়ায় আনন্দিত হলেও দীর্ঘসূত্রিতায় এলাকাবাসী এখন উদ্বিগ্ন। এছাড়া নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের গুঞ্জনও রয়েছে।
মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী কামাল হোসেন জানান, ১ হাজার ৬১৫ মিটার দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের এই সড়কটি পাকা করতে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি ‘মদিনা কনস্ট্রাকশন’ নামক প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। বর্ষার কারণে কিছুদিন কাজ বন্ধ রাখা হয়েছিল জানিয়ে তিনি বলেন, বর্তমানে কাজ পুনরায় শুরু হয়েছে। এছাড়া নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখে প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে কাজ বন্ধ করে দেওয়া হবে।
এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠানের উপ-ঠিকাদার জাহাঙ্গীর আলম নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে জানান, বর্ষার কারণে কাজ কিছু সময় ব্যাহত হয়েছিল। বর্তমানে সাব-বেইজের কাজ চলছে এবং আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে নির্মাণকাজ সম্পূর্ণ করার আশা প্রকাশ করেন তিনি।
আজকালের খবর/কাওছার আল হাবীব