কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। ৭ ও ৮ অক্টোবর সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর, কাজিপুর ও চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
৭ অক্টোবর (বুধবার) দুপুরে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজিপুর সর্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৮ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যায় জামালপুর বিওপির মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল মদ ও ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
এরপর ৮ অক্টোবর (বৃহস্পতিবার) ভোররাতে জামালপুর বিওপির পাকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫৭ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। ভোরে চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় খবির নামে এক ব্যক্তির জমির কাছে অভিযান চালিয়ে ৯৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১৬৫টি চকলেট বাজি ও ২৩৫ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়।
এছাড়া একই দিন ভোর ৫টার দিকে কাজিপুর বিওপির রিফুজিপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে আরও ১৯ বোতল মদ ও ৫ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির তথ্যমতে, পৃথক এসব অভিযানে সর্বমোট ৫৭ বোতল স্কাফ সিরাপ, ২৪ বোতল মদ, ৬ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৯৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮ পিস ইয়াবা, ১৬৫টি চকলেট বাজি, ২৩৫ প্যাকেট বিড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২৩ লাখ ৫৫ হাজার ২৫০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের খবর/রাশেদুল মিলন