সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
বলেশ্বর থেকে ধাওয়া করে কচা নদী থেকে চোরাই শাড়ির ট্রলার জব্দ
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:১০ পিএম   (ভিজিট : ১০)
পিরোজপুরের কচা নদীতে কোস্ট গার্ড ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি এবং চোরাচালানে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করেছে। গত শনিবার (৩ অক্টোবর) ভোরের এই অভিযানে মোট ২২ হাজার ৫৮১ পিস চোরাই শাড়ি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ডের একটি টহল দল বরগুনার পাথরঘাটা উপজেলার মধ্য চরদোয়ানি ইউনিয়ন সংলগ্ন বলেশ্বর নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন ট্রলারকে থামার সংকেত দেওয়া হলে সেটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে পিরোজপুরের পুরাতন বেকুটিয়া ফেরিঘাট সংলগ্ন কুমিরমারা এলাকায় কচা নদী থেকে ট্রলারটিকে আটক করেন।

এরপর কোস্ট গার্ড ও পিরোজপুর সদর থানা পুলিশের যৌথ উপস্থিতিতে আটককৃত ট্রলারে (এফবি হাজী পেয়ার, নম্বর: এফ-১১৫৪৯) তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ২৫০টি বস্তায় সংরক্ষিত ২২ হাজার ৫৮১ পিস অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। তবে অভিযানের টের পেয়ে ট্রলারে থাকা চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান জানান, যৌথ অভিযানে উদ্ধারকৃত মালামালের গণনা সম্পন্ন হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আশরাফুল আলম জানান, বলেশ্বর নদী থেকে ধাওয়া করে কচা নদী থেকে শাড়িসহ ট্রলারটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল থানায় হস্তান্তরের পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের যৌথ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft