ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আব্দুল মান্নান হাওলাদারের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের মরদেহ বুধবার রাত আনুমানিক ১টার দিকে দুর্ঘটনাস্থলেই ভেসে ওঠে। নদীর ঠিক যে স্থানে তিনি পড়ে গিয়েছিলেন, সেখানেই তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া বাজার সংলগ্ন এলাকার বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন। নিহত আব্দুল মান্নান আওরাবুনিয়া ইউনিয়নের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আব্দুল মান্নান। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে যান। পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাকে পানিতে ডুবে যেতে দেখে উদ্ধারের চেষ্টা চালান এবং স্থানীয় জেলেরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
খবর পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিস ও বরিশালের একটি ডুবুরি দল পরদিন সকাল থেকে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে বুধবার রাত আনুমানিক ১টার দিকে দুর্ঘটনাস্থলেই তার মরদেহ ভেসে উঠলে উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন হয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকালের খবর/বিএস