মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬
সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় গ্রেপ্তার ৮
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ২৫)
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে চার আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

সোমবার (৭ সেপ্টেম্বর) র‍্যাব-১০ অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামানের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০) ও ইমরান (২৬) নামে চার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব-১০। অন্যদিকে একই মামলায় র‌্যাব-৪ আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে নূর মোহাম্মদ রুদ্র (২৪), মো. রাকিব মিয়া (২৮), ছাব্বির আহমেদ (২৪) ও মো. ওয়াসিম (৪০) নামে আরও চার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার আটজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব জানায়, গত ৫ সেপ্টেম্বর রাতে সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় একটি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেনের সঙ্গে অভিযুক্তদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তার ওপর হামলা করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 

র‌্যাব-১০ জানায়, মামলার পর গোয়েন্দা নজরদারি চালিয়ে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আপন সাভার থানার তিনটি মাদক মামলার আসামি।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft