মাদকের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতিতে বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের আলী আকবর হাজিরহাট বাজারে রামগতি থানার উদ্যোগে এ সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এতে পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
‘মাদক আছে যেখানে—অভিযান হবে সেখানে’ এবং ‘মাদকের বিরুদ্ধে—চলো যাই যুদ্ধে’—এসব স্লোগানকে সামনে রেখে একটি র্যালি হাজিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। র্যালি শেষে বাজারের জিরো পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগতি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ডা. শামসুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। বক্তারা মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব তুলে ধরে তা নির্মূলে সমাজ ও পরিবারের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন।
রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, "মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ নিরলসভাবে কাজ করছে।" এ সময় তিনি মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুশীল সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
আজকালের খবর/কাওছার আল হাবীব