ঘর থেকে স্কুল দৃশ্যমান হলেও বর্ষায় উত্তাল সাঙ্গু নদী পেরোতে গিয়ে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে রুমা সদর ইউনিয়নের লুকছড়ি পাড়ার শিশু শিক্ষার্থীরা। নদী পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিদিন অভিভাবকদেরই শিশুদের হাত ধরে স্কুলে নিয়ে যেতে হচ্ছে।
লুকছড়ি পাড়ার ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের প্রায় ৮-১০ জন শিশু শিক্ষার্থী ওপারে অবস্থিত বেথেল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। প্রতিদিন সব অভিভাবক মিলে পালাক্রমে অন্তত দুজন শিশুদের সঙ্গে নিয়ে খেয়াঘাটে যান।
স্থানীয় অভিভাবক শান্তি রানী ত্রিপুরা জানান, মেয়েকে স্কুলে পৌঁছে দিতে নদী পারাপারে প্রতিদিন ৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত খরচ হয়। ফলে মাসে শুধু যাতায়াত বাবদই দেড় থেকে তিন হাজার টাকা বেরিয়ে যায়, যা জুমচাষ ওপর নির্ভরশীল পরিবারগুলোর জন্য বড় বোঝা। অন্য এক অভিভাবক তেরেজা ত্রিপুরা বলেন, বর্ষায় সাঙ্গু নদীতে তীব্র স্রোত থাকে। সন্তানদের সুরক্ষার কথা চিন্তা করেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের সঙ্গে স্কুলে যেতে হয়। এই পরিস্থিতি নিরসনে তাঁরা স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঝুঁকি ও অনিয়মিত উপস্থিতির বিষয়ে বেথেল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল লিয়ান ত্লোয়াং বম জানান, লুকছড়ি পাড়ার শিক্ষার্থীদের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় বর্ষাকালে তাদের উপস্থিতি তুলনামূলক কমে যায়। তাই সাবধানে নৌকা পারাপারের জন্য নিয়মিত পরামর্শ দেওয়া হয়।
আজকালের খবর/কাওছার আল হাবীব