বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১৭ আগস্ট) সকালে রাজশাহীস্থ বিএমডিএর প্রধান কার্যালয়ে পৌঁছালে তাঁকে বিএমডিএ পরিবার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে রাজশাহী পৌঁছানোর পর তিনি গোদাগাড়ী উপজেলায় গিয়ে বিএমডিএর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামানের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে নতুন নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান বলেন, "বিএমডিএ শুধু একটি দপ্তর নয়, এটি বরেন্দ্র অঞ্চলের কোটি কৃষকের জীবিকার সঙ্গে সম্পৃক্ত। বরেন্দ্র অঞ্চলের কৃষি টিকিয়ে রাখতে সেচ ব্যবস্থার আধুনিকায়ন, ভূ-উপরিস্থ পানির সাশ্রয়ী ব্যবহার, সৌরশক্তির প্রসার এবং কৃষকবান্ধব সেবা সুনিশ্চিত করা হবে আমাদের মূল অগ্রাধিকার।"
তিনি বিএমডিএর বর্তমান চেয়ারম্যান এবং উপদেষ্টা রিহান আসিফ আসাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরবর্তীতে দুপুরে বিএমডিএর সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাহাঙ্গীর আলম খানকে এক বছরের মেয়াদে বিএমডিএর নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।
আজকালের খবর/কাওছার আল হাবীব