কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতিয়া নদীর ওপর নির্মিত হাওরা ব্রিজের নির্মাণকাজ দীর্ঘ ২০ বছরেও শেষ হয়নি। মূল কাঠামো দাঁড়িয়ে থাকলেও দুই পাড়ের সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না। ফলে দীর্ঘ দিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় হাজারও বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৫ জানুয়ারি তৎকালীন সংসদ সদস্য মরহুম কর্নেল (অব.) এম আনোয়ার উল আজিম এই হাওরা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণকাজ শুরু হয়।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারের চরম অবহেলা এবং প্রশাসনিক জটিলতার কারণেই ব্রিজটির নির্মাণকাজ শেষ পর্যন্ত ঝুলে যায়। ব্রিজের মূল পরিকাঠামো বা স্প্যান বসানো হলেও দুই পাশে মাটি ভরাট না করায় ও পাকা সংযোগ সড়ক না বান দেওয়ায় এটি চলাচলের আক্সায় পরিণত হয়নি।
বর্তমানে ঝলম ও হাওরা গ্রামের মধ্যবর্তী ডাকাতিয়া নদীর ওপর অলস পড়ে থাকা এই ব্রিজটি যাতায়াতের বদলে ধান শুকানো ও গবাদিপশু রাখার স্থানে পরিণত হয়েছে। ফলে কোটি টাকার সরকারি উদ্যোগ সত্ত্বেও এর কোনো সুফল পাচ্ছেন না নদীপাড়ের বাসিন্দারা।
স্থানীয়রা জানান, ব্রিজটি দ্রুত চালু করা গেলে আশপাশের কয়েকটি গ্রামের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে তারা অনতিবিলম্বে ব্রিজের অসমাপ্ত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী শাহ আলম জানান, আগের ঠিকাদার কাজ অসমাপ্ত রেখেই চলে গেছেন। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ব্রিজ সংস্কার ও অবশিষ্টাংশ নির্মাণের জন্য নতুন করে টেন্ডার আহ্বানের প্রক্রিয়া চলছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব