জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী বিভিন্ন স্তরের সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন।
গতকাল সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিগণ অংশ নেন।
মতবিনিময়কালে নবাগত ইউএনও জাকির মুন্সী বলেন, "বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্ষেতলালকে একটি সমৃদ্ধ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।"
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক প্রভাষক নাফেউল হাদী মিঠু, উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুর ইসলাম ও পৌর জামায়াতের রাজনৈতিক সচিব এহতেসামুল হক স্বয়ন।
এছাড়াও বক্তব্য দেন বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, অধ্যক্ষ এস এম আহসান হাবিব, আলী হাসান মুক্তা, হাফিজুর রহমান, প্রভাষক আমিরুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী রওনকুল ইসলাম টিপু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
সভায় বক্তারা নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে স্বাগত জানান এবং উপজেলার সর্বাঙ্গীন উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব