নীলফামারীর ডিমলায় তিস্তা সেচ ক্যানেলের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাকড়া গ্রামের তুহিন বাজার সংলগ্ন তিস্তা সেচ ক্যানেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাউতারা ইউনিয়নের কাকড়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার পাখি (১১) এবং একই এলাকার সেলিম হোসেনের মেয়ে সিনহা আক্তার (৪)। তারা সম্পর্কে খালা-ভাগ্নি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে সিনহা আক্তার তুহিন বাজার সংলগ্ন তিস্তা সেচ ক্যানেলের পানিতে গোসল করতে যায়।
গোসলের একপর্যায়ে সে পানিতে ডুবে যেতে থাকে। এ সময় তাকে বাঁচাতে ফারজানা আক্তার পাখি পানিতে ঝাঁপ দেয়। কিন্তু স্রোত ও পানির গভীরতার কারণে দুজনই একপর্যায়ে পানিতে তলিয়ে যায়।
তাদের পানিতে ডুবে যেতে দেখে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ক্যানেলের পানি থেকে দুজনকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
খালা-ভাগ্নির এমন মর্মান্তিক মৃত্যুতে কাকড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, এ ঘটনায় ডিমলা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজকালের খবর/বিএস