শনিবার ১৫ আগস্ট ২০২৬
কায়েতপাড়ায় বৃক্ষরোপণ ও উন্নয়নকাজ পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:৫৩ পিএম   (ভিজিট : ৪১)
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম খিলগাঁওয়ের কায়েতপাড়া এলাকার ৭৫ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। একই সঙ্গে তিনি এলাকার চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন।

বুধবার (১২ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব।

এলাকা পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক বৃক্ষরোপণ কার্যক্রম, রাস্তাঘাট, পরিচ্ছন্নতা, আশপাশের পরিবেশ এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা, এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, স্থানীয় নাগরিক ও জনপ্রতিনিধিদের চাহিদার সমন্বয় করে নতুন যুক্ত হওয়া এলাকাগুলোর উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ করা হবে। পর্যায়ক্রমে এসব এলাকায় সড়কবাতি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও তিনি জানান।

নতুন যুক্ত হওয়া এলাকার বাসিন্দাদের কর মওকুফের আবেদনের বিষয়ে তিনি বলেন, নাগরিকদের দেওয়া করের সঙ্গে সরকারি বরাদ্দ যুক্ত করেই এলাকার উন্নয়নকাজ পরিচালনা করা হয়। তাই কর প্রদান না করলে উন্নয়নকাজ বাধাগ্রস্ত হবে। তবে একেবারেই অসহায় নাগরিকদের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা যেতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে রাস্তাঘাট, ড্রেনেজ, কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানসংক্রান্ত সমস্যাগুলোর একটি তালিকা ইতোমধ্যে ডিএসসিসি প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানে ডিএসসিসি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কর্মসূচি ও উন্নয়নকাজ পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft