সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২:১৭ পিএম   (ভিজিট : ১৬৬)
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি দেখতে পায়। পরে সেফটি টিমের কয়েকজন সদস্য গ্যাস লিকেজের বিষয়টি পরীক্ষা করতে গেলে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত জানতে পেরেছি পাঁচ শ্রমিক মারা গেছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, পাঁচজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মারা যাওয়াদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন সানি দাস, পলাশ দাস ও মোহাম্মদ হাবিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা শিপইয়ার্ডটিতে কাজ করছিল। হঠাৎ সেখানে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর তাদের হাসপাতালে নেওয়া হলে প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে আরও দুজন মারা যায়। অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ বলেন, শুক্রবার ইয়ার্ড বন্ধ রয়েছে। সকাল ১০টার সময় স্ক্র্যাপ এলএনজি জাহাজে একটি ট্যাঙ্ক লিকেজ হয়। এতে স্থানীয় বহিরাগত কিছু লোক তা দেখতে গিয়ে গ্যাসে আক্রান্ত হয়ে প্রথমে তিনজনের মৃত্যু হয়েছে। পরে আরও দুইজন হাসপাতালে মারা গেছে শুনেছি।

এ বিষয়ে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের এডমিন সাইফুজ্জামান বলেন, বিস্ফোরণের ঘটনা ঘটেনি। গ্যাস লিক হয়ে বিষক্রিয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন কয়েকজন। অনেকে প্রথমে বিস্ফোরণ মনে করেছিল।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী ফখরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। গ্যাস লিকেজ হয়ে চারজন মারা যাওয়ার তথ্য পেয়েছি। হয়তো হাসপাতালে আরও মারা যেতে পারে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান বলেন, ১০ শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি। তাদের মধ্যে বেশকয়েকজন মারা গেছে। বাকিদের সর্বশেষ অবস্থা এখনো জানা যায়নি। গ্যাস নির্গমন নাকি বিস্ফোরণ সেটি খতিয়ে দেখার পাশাপাশি এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

আজকালের খবর/এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft