রাজবাড়ীর পাংশা উপজেলায় ১০৪ পিস ইয়াবাসহ অস্ত্র, ডাকাতিসহ চার মামলার আসামি মতিন বিশ্বাস (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার মতিন বিশ্বাস পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা এলাকার মৃত জর্জ আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে কসবামাজাইল বাজারে মো. মনোয়ার খানের দোকানের সামনে অভিযান চালিয়ে মতিন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩১ হাজার ২০০ টাকা।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পূর্বে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতির মামলা, একটি মারামারির মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজকালের খবর/বিএস