মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে যুবদল নেতার কব্জি কর্তনের অভিযোগ, থানায় মামলা
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১৪)
নওগাঁর বদলগাছী উপজেলায় জমির আইল কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ইউনিয়ন যুবদল নেতার বাম হাতের কব্জি কেটে দিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য। আহত যুবদল নেতা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় করা মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত যুবদল নেতা হাসান রমন (৪২) উপজেলার জালালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।

অভিযুক্তরা হলেন- একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম। স্থানীয় সূত্রের দাবি, মিজানুর রহমান ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং আমেনা বেগম একই ওয়ার্ডের মহিলা লীগের নেত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার বিকেলে হাসান রমনের সঙ্গে জমির আইল কাটা নিয়ে শুরুতে কথা কাটাকাটি হয়। এরপর দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হলে এক পর্যায়ে যুবদল নেতার বাম হাতে ধারালো হাসুয়া দিয়ে কোপ মারে মিজানুর রহমান। এতে তার বাম হাতের কব্জি অর্ধেক কেটে যায়। পরে তাকে উদ্ধার করতে গেলে তার মা বিউটি বেগমকে এলোপাতাড়িভাবে কোপানো হয়। মা ছেলে দু'জনেই বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত হাসান রমনের বাবা এবং মামলার বাদী দুদু মিয়া বলেন, আমার ছেলে হাসানের সঙ্গে জমির আইল কাটা নিয়ে ঝগড়া হয়। এরপর তার ওপর মিজানুর এবং তার স্ত্রী আমেনা ধারালো হাসুয়া দিয়ে তাকে আঘাত করে। খবর পেয়ে আমার স্ত্রী বিউটি বেগম ছেলেকে উদ্ধার করতে গেলে তাকেও এলোপাতাড়িভাবে ধারালো হাসুয়া দিয়ে জখম করে। আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযুক্ত মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, আমার জমির আইল হাসান কেটে ফেলেছে। এই নিয়ে তাদের সঙ্গে তর্কাতর্কি হয়। এরপর তারা ছয় সাত জন মিলে আমার বাড়িতে হামলা করে। আমার হাতে ঘাস কাটা হাসুয়া ছিলো। সেটি দিয়ে ধস্তাধস্তির সময় হাসানের হাতের কব্জি কেটে যায়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান দুই আসামি মিজানুর রহমান ও তাঁর স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft