বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬
পায়রা সেতুতে ঘুষ নিয়ে ট্রাক পার, টোলকর্মী চাকরিচ্যুত
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ১৭৮)
পটুয়াখালীর পায়রা সেতু টোল প্লাজায় অতিরিক্ত পণ্যবোঝাই একটি মালবাহী ট্রাক পারাপারে সহায়তার অভিযোগে এক টোলকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। এক হাজার টাকা ঘুষ নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় টোলকর্মী মো. হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। একই ঘটনায় অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনের দায়ে ট্রাকচালক কবির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে টোল কর্তৃপক্ষ।

টোল প্লাজা সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে ২২ টন ধারণক্ষমতার একটি ঢাকা মেট্রো (ট ১৮-০৮৯৯) ট্রাক ২৩ দশমিক ৮০ টন পণ্য নিয়ে পায়রা সেতুর উত্তর প্রান্তের ওজন স্কেলে আসে। অভিযোগ ওঠে, সেখানে দায়িত্বরত টোলকর্মী মো. হাসান এক হাজার টাকা ঘুষের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে ট্রাকটিকে সেতু পার হওয়ার সুযোগ করে দেন।

তবে ট্রাকটি সেতুর দক্ষিণ প্রান্তে পৌঁছালে সেখানে দায়িত্বরত অন্য কর্মীদের সন্দেহ হয়। তারা তাৎক্ষণিকভাবে ট্রাকটি আটক করে চালক কবির হোসেনকে টোল অফিসে নিয়ে যান। পরবর্তীতে প্রাথমিক তদন্তে ঘুষ গ্রহণের সত্যতা পাওয়ায় অভিযুক্ত টোলকর্মী হাসানকে চাকরিচ্যুত করা হয় এবং চালকের বিরুদ্ধে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়।

পায়রা সেতুর টোল ইনচার্জ সজল বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট টোলকর্মীর বিরুদ্ধে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনের দায়ে ট্রাকচালককে জরিমানা করা হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, টোল প্লাজার কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে অতিরিক্ত বোঝাই মালবাহী ট্রাক সেতু পারাপারে সহযোগিতা করে আসছেন। সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত ও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করেন তারা।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft