ব্যান্ডসংগীতে জীবন্ত কিংবদন্তি শহীদ মাহমুদ জঙ্গী। নানা সময়ে গান নিয়ে আলোচনায় থাকেন প্রচারবিমুখ এই কীর্তিমান। এবার তিনি লিখেছেন বাংলা গানের শত বছরের বিবর্তন নিয়ে ‘গ্রামোফোন থেকে অডিয়ো ক্যাসেট: শত বছরের বাংলা গান’ নামে একটি গ্রন্থ। শুক্রবার ছিল বইটির মোড়ক উন্মোচন।
‘গ্রামোফোন থেকে অডিয়ো ক্যাসেট: শত বছরের বাংলা গান’ প্রকাশ করেছে আজব প্রকাশ। মোড়ক উন্মোচনে লেখকের সঙ্গে উপস্থিত ছিলেন দেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় ব্যক্তিত্ব— হামিন আহমেদ, ফোয়াদ নাসের বাবু, নাসীম আলী খান, পিলু খান, শাহজাদা মাহমুদ চৌধুরী, তপন চৌধুরী, গোলাম মোর্শেদ ও লাবু রহমান।
রাজধানীর হোটেল রেনেসাঁতে জমেছিল বইটির প্রকাশনা আড্ডা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বইটির প্রকাশক সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘বাংলা গানের ইতিহাস চর্চা ও রক্ষায় এই বইটি অনন্য ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস। বাংলাদেশে এত বড় কলেবরে এমন কাজ এই প্রথম।’
লেখক শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘প্রায় ছয় বছরের গবেষণার ফসল এই গ্রন্থ। ১৮৯১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত গ্রামোফোন থেকে অডিও ক্যাসেটে প্রকাশিত গানের ভিত্তিতে এই বইটিতে ২২৫ জন শিল্পী ও সুরকারের কাজ নিয়ে আলোকপাত করা হয়েছে। গীতিকবিদের বৃত্তান্ত উল্লেখ করা হয়েছে। আমি আশা করি বাংলা গানের ইতিহাস চর্চায় এই গ্রন্থ সহায়তা করবে।’
অনুষ্ঠানটির আয়োজক আজব কারখানা। আসন্ন বইমেলা উপলক্ষে প্রকাশিত বইটি আজব প্রকাশের ফেসবুক পেজসহ বিভিন্ন অনলাইন বুকশপে অর্ডার করা যাচ্ছে।
আজকালের খবর/আতে