শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
মাতিয়া বানু শুকুকে নিয়ে নির্মাতা সুমিতের স্ট্যাটাস
‘সকল স্বাধীন নির্মাতাদেরই এই দেশে যুদ্ধ করে টিকে থাকতে হয়’
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ৬)
বিদায় মাতিয়া বানু শুকু। বলা হয়, শিল্পীরা বেঁচে থাকেন চিরকাল তাঁদের কাজের মাধ্যমে। তবে খুব বেশি কাব্যিক বা রোমান্টিক না হয়ে, আমাদের দেশের প্রেক্ষাপটে শিল্পীদের এই ‘বেঁচে থাকা’ কিংবা টিকে থাকার রূঢ় বাস্তবতা নিয়েও আজ আলোচনা হওয়া জরুরি।

শুকু আপার কাজের কথা বলতে গেলে অবধারিতভাবেই নূরুল আলম আতিক ভাইয়ের নাম আসে। জীবনসঙ্গী হওয়ার পাশাপাশি পরিচালক ও প্রযোজক হিসেবে তাঁরা একসঙ্গে বহু কাজ করেছেন। আতিক ভাইয়ের সঙ্গে আমার পরিচয় বেশ কয়েক বছর আগে থেকে হলেও, শুকু আপার সঙ্গে প্রথম দেখা হয়েছিল ২০২৩ সালে অনুষ্ঠিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’ প্রদান অনুষ্ঠানে। সেবার সেরা চলচ্চিত্রের পুরস্কারটি আমরা যৌথভাবে ভাগ করে নিয়েছিলাম।

তাঁদের নির্মিত ‘লাল মোরগের ঝুঁটি’ মুক্তিযুদ্ধভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চলচ্চিত্র। সিনেমা হলে মুক্তির তারিখ ১০ ডিসেম্বর ২০২১। স্টার সিনেপ্লেক্সে ছবিটি টিকেছে মাত্র এক সপ্তাহ (যদি আমার ভুল না হয়)! অথচ ডিসেম্বর আমাদের বিজয়ের মাস! ১৭ই ডিসেম্বর ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ মুক্তি পাওয়ার সাথে সাথেই দেশের অন্যান্য হলের মতো স্টার সিনেপ্লেক্স থেকেও ‘লাল মোরগের ঝুঁটি’ নামিয়ে দেওয়া হলো। মুনাফার অঙ্কের কাছে হেরে গেল শিল্প। দেশের সিনেমার প্রদর্শনের ক্ষেত্রে স্টার সিনেপ্লেক্সের অবদানের প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞ ও ঋণী। কিন্তু আমাদের প্রত্যাশা থাকে, দেশীয় চলচ্চিত্র—বিশেষ করে মুক্তিযুদ্ধের ছবির প্রতি তাঁরা আরও একটু যত্নশীল ও সংবেদনশীল হবেন।

এটি তো গেল একটি উদাহরণ মাত্র। আতিক-শুকু জুটির মতো বাকি সকল স্বাধীন নির্মাতাদেরই এই দেশে যুদ্ধ করে টিকে থাকতে হয়। প্রাইভেট সেক্টর বাদই দিলাম, সরকারি শিল্পকলা একাডেমি, জাতীয় চলচ্চিত্র আর্কাইভ, লাইব্রেরি, মিউজিয়াম—কত শত উপায় আছে সরকারের হাতেই গুরুত্বপূর্ণ ছবিগুলোকে সারা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু দায়িত্বের চেয়ারে বসার পর কারও খেয়াল থাকে না নির্মাতারা আসলে কেমন আছেন, কীভাবে পরবর্তী ছবিটি বানাচ্ছেন তার খবর নেওয়ার।

সামনে নূরুল আলম আতিক ভাইয়ের নতুন কাজ ‘লাল মিয়া’ আসার কথা রয়েছে। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানকে নিয়ে নির্মিতব্য এই ছবিটি নিঃসন্দেহে শুকু আপা এবং আতিক ভাইয়ের স্বপ্নের একটি প্রজেক্ট। আশা করি, এই অপূরণীয় শোক ও দুর্যোগ কাটিয়ে আতিক ভাই খুব শিগগিরই আবারও শক্তি সঞ্চয় করে সিনেমার সেটে ফিরবেন এবং ‘লাল মিয়া’র কাজ শেষ করে এই জাতির সামনে সুলতানের জীবন নিয়ে একটি মনে রাখার মতো চলচ্চিত্র উপহার দেবেন—শুকু আপার প্রতি সেটিই হবে সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি।

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft