স্বাধীনতা পুরস্কারজয়ী বাংলা গানের দিকপাল গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান অনেক দিন ধরেই বলা যায় লোকচক্ষুর আড়ালে। বার্ধক্য আর রোগভোগের কারণে বাসা থেকে বলতে গেলে বের হন না। এমন খবরে তার কাছে ছুটে গেছেন আরেক স্বাধীনতা পুরস্কারজয়ী শিল্পী সাবিনা ইয়াসমিন।
বৃহস্পতিবার বিকালে রফিকউজ্জামানের মোহাম্মদপুরের বাড়িতে যান সাবিনা। এ সময় তারা অতীত স্মৃতিরোমন্থন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কন্ঠশিল্পী মোমিন বিশ্বাস।
তিনি জানান, রফিকউজ্জামানের সঙ্গে সাবিনা আপার অনেক দিন ধরেই বলতে গেলে দেখা হয় না। যেহেতু তারা জুটি হিসেবে অসংখ্য গান শ্রোতাদের উপহার দিয়েছেন তাই তাদের মধ্যে পেশাদারিত্ব সম্পর্কটা অনেক শ্রদ্ধার। সে তাগিদ থেকেই আপা দাদুর বাসায় গেছেন। তারা সত্যি বলতে অতীতের কথা বলেই সময়টা পাড় করেছেন।
এ বিষয়ে সাবিনা ইয়াসমিন তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন- “মোহাম্মদ রফিকউজ্জামান। যাঁর নামের মাঝেই নান্দনিক একটি বিষয় আছে। তিনি তাঁর স্বভাবজাত মেধা দিয়েই যেকোন গানের বাণীকে নান্দনিকতার শীর্ষে নিয়ে যাবেন সেটিই স্বাভাবিক। তাঁর মতো এমন একজন সজ্জন, শিক্ষিত, ভদ্র, বিনয়ী, তুখোড় মেধাবী মানুষকে মূল্যায়ন করার যোগ্যতাও হয়তোবা আমার নেই। রফিক ভাইএর লেখা বহু গান কালজয়ী হয়েছে এই কথা না বলে বরং বলা যেতে পারে রফিক ভাইএর লেখা বহু গান বাংলা গানের ভান্ডার কে ঋদ্ধ করেছে। যার গর্বিত অংশীদার আমরা সবাই। রফিক ভাইএর লেখা কত শত গান গাওয়ার সৌভাগ্য হয়েছে সেই হিসেবও রাখিনি। রফিক ভাইএর লেখনীতে যেমন তাঁর স্বতন্ত্র বৈশিষ্ট্যের স্বাক্ষর বহন করে তেমনি ব্যক্তি রফিকউজ্জামান ভাইও গীতিকবি রফিকউজ্জামান ভাইএর শ্রেষ্ঠত্বকে ছাপিয়ে গেছেন। অনেকদিন পর আজ রফিক ভাই এবং তাঁর পরিবারের সাথে চমৎকার একটি সময় কাটলো।”
পরিশেষে সাবিনা ইয়াসমিন বরেণ্য এই গীতিকবির সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।
এই জুটি এক সঙ্গে * সেই রেললাইনের ধারে, * বন্ধু হতে চেয়ে তোমার, * এ জীবন তোমাকে দিলাম, * ভালবাসা যত বড় জীবন তত বড় নয়, * আমার মতো এতো সুখী, * সুখ পাখি রে পিঞ্জিরা তোর, * পদ্ম পাতার পানি নয়, * দু:খ আমার বাসর রাতের পালঙ্ক, * এই হৃদয়ে এতো যে কথার কাঁপন, * পৃথিবীর যত সুখ আমি তোমারই ছোঁয়াতে, * আমার ভাগ্য বড় আজব যাদুকর, * তোমার হাত পাখার বাতাসে, * জীবন নামের রেলগাড়ি টা, * একদিন ছুটি হবে অনেক দূরে যাব, * আমাদের দেশটা স্বপ্নপুরী, * মাঠের সবুজ থেকে সূর্যের লাল ইত্যাদি এরকম অসংখ্য গান কালজয়ী গান উপহার দিয়েছেন যা আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে।
আজকালের খবর/আতে