এ বছর রোজার ঈদে গায়িকা পরিচয়ে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচারিত হয়েছিল তাঁর গাওয়া প্রথম গান। এবার সরাসরি সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন তিনি। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করবেন বুবলী। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক জাহিদ হোসেন।
জাহিদ হোসেন জানান, গানটি নিয়ে ইতিমধ্যে বুবলীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি গান গাওয়ার সম্মতি দিয়েছেন। কবির বকুলের লেখা গানটির রেকর্ডিং হবে আগামী ডিসেম্বরে।
বুবলীকে দিয়ে প্লেব্যাক করানোর ভাবনা প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘সিনেমায় বেশ কিছু রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় ডেমো গান শুনে বুবলীর বেশ ভালো লাগে। তখনই তাঁকে গানগুলোতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দিই। এর আগে আমার “মাতৃত্ব” সিনেমার রিচুয়াল গানে মৌসুমী কণ্ঠ দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই মনে হলো বুবলীর কণ্ঠে গানগুলো ভালো লাগবে।’
নির্মাতা আরও বলেন, ‘রিচুয়াল গানের সিদ্ধান্তের পর মনে হলো, বুবলীকে দিয়ে একটি পূর্ণাঙ্গ প্লেব্যাক করালে মন্দ হয় না। ইতিমধ্যে তিনি একটি মৌলিক গান করেছেন। সেই ভাবনা বুবলীকে জানালে তিনি সম্মতি জানান। গান তৈরির কাজ প্রায় শেষ। বুবলীর সঙ্গে আলোচনা করে আগামী ডিসেম্বরে রেকর্ড করার পরিকল্পনা করেছি।’
পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ঢাকাইয়া দেবদাস। নির্মাতা জানান, এটি মূলত প্রেমের গল্পের সিনেমা, যেখানে দুজন মানুষের গল্পের মধ্য দিয়ে উঠে আসবে পুরান ঢাকার ঐতিহ্য। বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এটি আদর-বুবলী জুটির চতুর্থ সিনেমা। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।
মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে গত জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় ঢাকাইয়া দেবদাসের প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। জাহিদ হোসেন জানান, আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় শুরু হতে যাওয়া সিনেমাটির নতুন লটের শুটিং দিয়েই আবার ক্যামেরার সামনে ফিরবেন এই অভিনেত্রী।
অভিনয় থেকে দূরে থাকলেও নির্মাণকাজে যুক্ত ছিলেন বুবলী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন থেকে সম্প্রতি নির্মিত হয়েছে ‘ঠিকানা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাহসিন রিফাতের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মুরসালিন সরকার। আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে নির্বাচিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
আজকালের খবর/আতে