বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
আইসিইউতে নাট্যজন মামুনুর রশীদ
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ০)
নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে নাট্যজন মামুনুর রশীদকে। বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গত সোমবার (২৩ নভেম্বর) হাসপাতালে ভর্তি করা হয় মামুনুর রশীদকে। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, মামুনুর রশীদ নিউমোনিয়ায় আক্রান্ত। জানা গেছে, মামুনুর রশীদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে আইসিইউতে রাখা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, মামুনুর রশীদের শারীরিক অবস্থা নিয়ে সন্ধ্যায় মেডিকেল টিমের আলোচনা করার কথা। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে তাঁর পরবর্তী চিকিৎসা কী হবে।

আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে থাকতে হয়েছিল মামুনুর রশীদকে। গত বছর ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ফুসফুসে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর যুক্তরাষ্ট্রে ছেলে আদিবের বাসায় ফেরেন তিনি।

দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে এ বছরের জানুয়ারিতে দেশে ফেরেন এই অভিনেতা। ফিরেই ব্যস্ত হয়ে পড়েন অভিনয় ও নির্দেশনায়। সম্প্রতি নেপালে গিয়ে সেখানকার স্থানীয় একটি মঞ্চনাটকের নির্দেশনাও দিয়েছেন।

মামুনুর রশীদের জন্ম ১৯৪৮ সালে টাঙ্গাইলের কালীহাতির মাতুলালয়ে। ছাত্রজীবন থেকেই মঞ্চনাটকের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। মহান মুক্তিযুদ্ধের সময় যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। দেশ স্বাধীনের পরপরই দেশে ফিরে গড়ে তোলেন আরণ্যক নাট্যদল। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের মঞ্চ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মামুনুর রশীদ। তাঁর রচিত উল্লেখযোগ্য মঞ্চনাটক ‘ওরা কদম আলী’, ‘গন্ধর্ব নগরী’, ‘চে’র সাইকেল’, ‘রাঢ়াঙ’, ‘ইবলিশ’ প্রভৃতি। টিভির জন্যও অনেক নাটক লিখেছেন তিনি। মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন মামুনুর রশীদ। নাট্যকলায় অবদানের জন্য ২০১২ সালে তিনি রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন।

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft