নব্বইয়ের সেই রঙিন দিন, বল প্রিন্ট শাড়িতে আজও যেন বেঁচে আছে এক টুকরো মায়াবী স্মৃতি—যেখানে লুকিয়ে আছে ফেলে আসা শৈশব-কৈশোর, বৃষ্টিভেজা বিকেল আর প্রথম ভালো লাগার হাজারো গল্প। ঠিক সেই সোনালি অতীত আর চিরচেনা সুরের মায়াজাল বুনে সম্প্রতি কানাডার মন্ট্রিয়ালে ‘সুরের আড্ডা’ অনুষ্ঠানে গান গেয়ে দর্শক-শ্রোতাদের হৃদয়ের গভীরতম কোণে ছুঁয়ে গেলেন প্রবাসী বাংলাদেশি কণ্ঠশিল্পী জেনিফার গমেজ। নব্বই দশকের জনপ্রিয় সব বাংলা গানের পসরা সাজিয়ে তাঁর আবেগমাখা পরিবেশনায় সন্ধ্যাটি রূপ নেয় এক পরম ভালোলাগার মিলনমেলায়।
নিজের হৃদয়ের গহিন থেকে উঠে আসা অনুভূতি প্রকাশ করতে গিয়ে জেনিফার গমেজ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “প্রবাসের মাটিতে যখন বাংলাদেশের জনপ্রিয় পুরাতন গানগুলো পরিবেশন করি, তখন মনে হয় যেন প্রবাসে নয়, বাংলাদেশের মাটিতেই স্টেজ শো করছি। স্টেজ প্রাঙ্গণটাই যেন এক টুকরো বাংলাদেশ! দর্শকদের ভালোবাসার আবেগময় উচ্ছ্বাস ও উন্মাদনা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়—সে এক অন্য রকম অনুভূতি।”
অনুষ্ঠানের সংগীত আয়োজনে এক অনন্য মাত্রা যোগ করেন গুণী কম্পোজার লিটন ডি কস্তা। তাঁর হৃদয়ছোঁয়া ও দরদি কম্পোজিশনে প্রতিটি সুর যেন নতুন প্রাণ ফিরে পায়। সুরের পরতে পরতে শিল্পী, শ্রোতা ও দর্শক সবাই যেন হারিয়ে যান নব্বই দশকের মিষ্টি নস্টালজিয়ায়; গান, স্মৃতি আর ভালোবাসার উষ্ণতায় ভিজে ওঠে পুরো মিলনায়তন।
উল্লেখ্য, সংগীতশিল্পী জেনিফার গমেজ এবং সংগীত পরিচালক লিটন ডি কস্তা—দুজনেই বর্তমানে কানাডার মন্ট্রিয়ালের স্থায়ী বাসিন্দা। দূর পরবাসে, ব্যস্ত জীবনের কোলাহলেও তাঁরা নিজেদের শেকড়, মাটির টান আর সংগীতচর্চাকে আগলে রেখেছেন পরম মমতায়।
আজকালের খবর/আতে