সোমবার ● ২ নভেম্বর ২০২৬
জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:৫২ পিএম   (ভিজিট : ১)
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দীর্ঘ ৫২ বছর ধরে অবৈধ দখলে থাকা সরকারি জমির উৎপাদিত ফসল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান রুবেল। 

উদ্ধার করা ফসল প্রকাশ্য নিলামে বিক্রি করে পাওয়া ১ লাখ ৪২ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার ১ নম্বর পাড়েরহাট ইউনিয়নের দড়িচর গাজীপুর গ্রামে মৃত বলেশ্বর নদের পাশে জেগে ওঠা প্রায় ১০০ একর জমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত।

স্বাধীনতার পর ১৯৭২ ও ১৯৭৩ সালে সরকার ওই জমি থেকে বিভিন্ন এলাকার ১৩০টি পরিবারকে ৫৬ একর জমি স্থায়ী বন্দোবস্ত দেয়। তবে বন্দোবস্ত পাওয়া পরিবারগুলোর বাড়িঘর দূরে হওয়ায় জমির সামনে চর জেগে ওঠার সুযোগে স্থানীয় কিছু বাসিন্দা ওই জমি নিজেদের দখলে নিয়ে ভোগ করে আসছিলেন। সেখানে কলাবাগান ও সুপারি গাছের চাষ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ওই জমি থেকে সুপারি সংগ্রহ করতে গেলে অবৈধ দখলদারদের বাধা ও হামলার মুখে পড়েন প্রশাসনের লোকজন। এ ঘটনার পর শনিবার (৩১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান রুবেলের নেতৃত্বে ব্যাপক প্রশাসনিক উপস্থিতিতে পুনরায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সরকারি জমিতে উৎপাদিত সুপারি সংগ্রহ করা হয়। পরে প্রকাশ্য নিলামের মাধ্যমে উদ্ধার করা সুপারি বিক্রি করা হয়। নিলাম থেকে প্রাপ্ত ১ লাখ ৪২ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, “দড়িচর গাজীপুর গ্রামে সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ১০০ একর জমি ৫২ বছর ধরে অবৈধ দখলে ছিল। ফলে সরকার অনেক রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। সেখানে পুনরায় অভিযান পরিচালনা করে সরকারি সম্পত্তির উৎপাদিত সুপারি উদ্ধার করেছি। পরে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত  টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছি।”


আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft