চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মুন্সিপুকুর পাড় এলাকায় দলীয় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে লন্ডন প্রবাসী খাইরুন নেছা নামের এক নারীর জমি দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তারই আপন ভাই ১৬নং চকবাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও তার সহকর্মীরা। লন্ডন থেকে এক ভিডিও বার্তায় এমন অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।
৩১ অক্টোবর লন্ডন প্রবাসী খাইরুন নেছার পক্ষে জমির পাওয়ার অব অ্যাটর্নি পাওয়া আবু নাসের মোহাম্মদ হোসেন (সুমন) অভিযোগ করে বলেন, জসিম উদ্দিন ও তার সহযোগীরা আমার খালার ক্রয়কৃত জমি দখলের চেষ্টা চালায়। আমি ঘটনাস্থলে গেলে তারা আমাকে ও আমার স্ত্রী তাসনোভা আকতারকে বেধরক মারধর করেন।
এবিষয়ে গত ১ নভেম্বর চেরাগী পাহাড় মোড়ে অবস্থিত সিআরএ হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এমন অভিযোগ করেন।
আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবু নাসের মোহাম্মদ হোসেন (সুমন) ও তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেন বিএনপির পরিচয় ব্যবহার করে জমি দখলের চেষ্টার পাশাপাশি হামলার ঘটনা ঘটায় জসিম গং। পরবর্তীতে চমেক হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ শেষে পাঁচলাইশ থানায় আইনী সহায়তা নিতে গেলে ওসমান এবং জসিম উদ্দিন দলবল নিয়ে আবারও থানায় উপস্থিত হন এবং অকথ্য ভাষায় শাসিয়ে কথা বলেন ও ভয়ভীতি দেখান৷
ঘটনার সুষ্ঠু বিচার প্রার্থনা করে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিযুক্ত জসিম উদ্দিনের আপন বোন ক্যান্সার রোগী আমেনা বেগম, নুরুন্নাহার বেগম, আয়েশা বেগম, সেজ ভাই নুর মোহাম্মদ বাবু, ভাগ্নি নাভিলা আক্তারসহ আরো অনেকে।
বিএনপি নেতা জসিম উদ্দিনের আপন ভাই ও বোন কান্না জড়জড়িত কন্ঠে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগীতা কামনা করে বলেন, আমার বাবার সম্পত্তি জোর করে দখল করে খাচ্ছে যারা, তাদের বিচার করুন। আমরা ভাই-বোন একসাথে মিলেমিশে থাকতে চাই।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবু নাসের মোহাম্মদ হোসেন (সুমন) বলেন, আমার মামা আমাকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে সন্ত্রাসীদের দিয়ে আমাকে মারধর করেন। প্রভাব খাটিয়ে থানায় গিয়ে আমাদের পক্ষে মামলা না নিতে পুলিশকে বাধ্য করেন। তিনি আরো বলেন, আমি সেখানে কাউকে নিয়ে যাইনি, কারো গায়েও হাত দেইনি।
তারপরও আমাকেই উল্টো অপরাধী বানানোর চেষ্টা করছেন দলীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে। তিনি বলেন, আমাকে মেরেছে আমি সহ্য করেছি, কিন্তু কোন অপরাধে আমার স্ত্রীর ওপর তারা এই ন্যাক্কারজনক হামলা চালালো? আমি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করি। যাতে এই দেশে রাজনৈতিক পরিচয় দিয়ে কেউ কারো উপর অন্যায় জোর জুলুম করতে না পারে। সেই সাথে উক্ত ঘটনার সুষ্ঠ বিচার আশা করেন তিনি।
আজকালের খবর/ এমকে