শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
চাটমোহরে জমি দখলের জেরে বসতবাড়ি ভাঙচুর
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৩)
পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় বিরোধপূর্ণ জমির দখল নিয়ে বসতবাড়ি ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে জমির মালিকানা ও ঘটনার বিষয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুচর মহল্লার মরহুম বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর বসতবাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলছে। রমজান আলীর প্রথম স্ত্রী ও মেয়ে ওই বাড়িতে বসবাস করেন। অন্যদিকে, তাঁর জামাতা কামরুজ্জামান দাবি করেন, তিনি স্ত্রী রোকসানা পারভীন রত্না ও শ্যালিকা মনিরা মুক্তার কাছ থেকে ১২০৪ নম্বর দাগের ৩ দশমিক ৬৭ শতাংশ জমি দলিলমূলে কিনেছেন। পরে খাজনা-খারিজসহ নামজারিও সম্পন্ন করেন।

কামরুজ্জামানের দাবি, জমি কেনার পর তিনি সেখানে বসবাস করতেন। একপর্যায়ে শাশুড়ি ও শ্যালিকাকে বাড়িতে থাকতে দিয়ে অন্যত্র চলে যান। এরপর তাঁরা তাঁর কেনা জমি দখলে রেখেছেন। এ নিয়ে আদালতে মামলা ও একাধিক সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

শনিবার সকালে নতুন ভবন নির্মাণের উদ্দেশ্যে পুরোনো ঘর সরাতে লোকজন নিয়ে সেখানে যান কামরুজ্জামান। এ সময় অপর পক্ষ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে কামরুজ্জামান সেখান থেকে চলে যান।

এদিকে, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মনিরা মুক্তা চাটমোহর থানায় মামলা করেছেন বলে জানা গেছে।

কামরুজ্জামান বলেন, “আমি বৈধভাবে জমি কিনেছি। সেখানে আমার ঘর রয়েছে। নিজের জমিতে নতুন ভবন নির্মাণের জন্য লোকজন নিয়ে জায়গা পরিষ্কার করতে গিয়েছিলাম। এ সময় তাঁরা বাধা দেন। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তাঁরা আমার জমি জবরদখল করে রেখেছেন। আমি জমি উদ্ধারসহ ন্যায়বিচার চাই।”

চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লালবুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft