শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
বগুড়ায় বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের শতাধিক উদ্ভাবন
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ০)
বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমুল হাসান।

মেলায় প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা শতাধিক বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবন ও প্রকল্প পরিদর্শন করেন।

শিক্ষার্থীদের তৈরি প্রকল্পের মধ্যে ছিল অপারেশন স্যাডো-১২৯ ড্রোন, স্মার্ট সোলার হাউস, ভূমিকম্প সহনশীল ভবন, স্মার্ট ফায়ার রেসকিউ হাউস, প্রাকৃতিক ভারসাম্য ও হোমমেড এয়ার কুলারসহ পরিবেশবান্ধব নানা উদ্ভাবন। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও পরিবেশবিজ্ঞানের বিভিন্ন বিষয় এসব প্রকল্পে তুলে ধরা হয়।

অতিথিরা শিক্ষার্থীদের প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীলতা ও বিজ্ঞানভিত্তিক চিন্তার প্রশংসা করেন। তাঁরা বলেন, বিজ্ঞান মেলার মতো আয়োজন শিক্ষার্থীদের কৌতূহল বাড়ানোর পাশাপাশি অনুসন্ধান, গবেষণা ও উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করে।

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও বাস্তবমুখী শিক্ষা দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এসব শিক্ষার্থী দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠান শেষে বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আন্তঃহাউস বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আন্তঃহাউস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শহীদুল্লাহ হাউস।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft