বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
ক্ষুদ্র ‘জিয়াবাড়ি’ তৈরি করে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান কাওছার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:২০ পিএম   (ভিজিট : ০)
কাঠ, হার্ডবোর্ড, কার্ডবোর্ড ও কাগজের মতো সাধারণ উপকরণ দিয়ে তৈরি করেছেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক নিবাস ‘জিয়াবাড়ি’র ক্ষুদ্র প্রতিরূপ। ইউটিউবে ছবি দেখে অনুপ্রাণিত হয়ে প্রায় এক মাসের পরিশ্রমে এটি তৈরি করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তরুণ শিল্পী মো. কাওছার আলী। নিজের হাতে তৈরি এই শিল্পকর্ম প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে উপহার হিসেবে তুলে দিতে চান তিনি।

কাওছার আলী সুন্দরগঞ্জ উপজেলার কিশামত সর্বানন্দ গ্রামের কাপড় ব্যবসায়ী মো. নুরুল ইসলামের ছেলে। তিনি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি শখের বশে মিনি আর্ট বা ক্ষুদ্র শিল্পকর্ম তৈরি শুরু করেন তিনি। ধীরে ধীরে তাঁর তৈরি গ্রামীণ বসতবাড়ি, চায়ের দোকান, মুদি দোকান ও পাঠাগারের ক্ষুদ্র প্রতিরূপ সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পায়। এসব শিল্পকর্ম বিক্রি করে আয় করা অর্থ দিয়ে নিজের পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি পরিবারকেও সহযোগিতা করছেন তিনি।

কাওছার জানান, প্রায় এক মাস আগে ইউটিউবে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে অবস্থিত ঐতিহাসিক জিয়াবাড়ির ছবি দেখে এটি তৈরির পরিকল্পনা করেন। পরে নিজের জমানো টাকা ও বাবার আর্থিক সহায়তায় কাঠ, হার্ডবোর্ড, কার্ডবোর্ড, কাগজ, প্লাস্টিক, আঠা ও রং সংগ্রহ করেন। এরপর প্রায় এক মাসের পরিশ্রমে তৈরি করেন জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ।

তাঁর তৈরি শিল্পকর্মটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটি দেখতে বাড়িতে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। দর্শনার্থীরা ক্ষুদ্র প্রতিরূপটির কারুকাজ দেখছেন এবং ছবি তুলছেন।

কাওছার আলীর ইচ্ছা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে নিজের হাতে তৈরি জিয়াবাড়ির প্রতিরূপটি তাঁর হাতে তুলে দেওয়া। এ বিষয়ে কাওছার বলেন, “আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো, নিজের হাতে তৈরি এই ক্ষুদ্র জিয়াবাড়িটি প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেওয়া। তিনি আমাকে একটু সময় দিলে আমার দীর্ঘদিনের পরিশ্রমের এই সৃষ্টি তাঁর হাতে দিতে পারলে নিজেকে সার্থক মনে করব।”

ছেলের সৃজনশীল উদ্যোগে খুশি বাবা নুরুল ইসলাম বলেন, “ছেলের শখের কাজ দেখে আমরা সব সময় তাকে উৎসাহ দিয়েছি। সে নিজের সৃজনশীলতা দিয়ে মানুষের নজর কেড়েছে। সরকারি ও উচ্চপর্যায়ের পৃষ্ঠপোষকতা পেলে সে আরও ভালো কিছু করতে পারবে।”

কাওছারের এই উদ্যোগের প্রশংসা করেছেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মাহামুদ প্রামানিক। তিনি বলেন, কাওছার একজন মেধাবী ও সম্ভাবনাময় তরুণ। জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করে সে তার সৃজনশীলতার পরিচয় দিয়েছে। তাঁর এই উদ্যোগ প্রশংসনীয়। শিল্পকর্মটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

এদিকে, শিল্পকর্মটি দেখে প্রশংসা করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। তিনি কাওছারের প্রতিভাকে সাধুবাদ জানান এবং তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

সাধারণ উপকরণ দিয়ে ব্যতিক্রমী শিল্পকর্ম তৈরি করে নিজের পরিচিতি গড়ে তুলেছেন কাওছার আলী। তাঁর আশা, যথাযথ সহযোগিতা পেলে নিজের প্রতিভাকে আরও বিকশিত করতে পারবেন এবং একদিন প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারবেন তাঁর পরিশ্রমে তৈরি ক্ষুদ্র ‘জিয়াবাড়ি’।


আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft