মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ১)
রাজবাড়ী শহরে প্রকাশ্য দিবালোকে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিটনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

লিটন জানান, রাজবাড়ী আদালতে একটি মামলায় হাজিরা শেষে সঙ্গী হাসুকে নিয়ে রিকশায় করে শহরের কাপড় বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পান্না চত্বর পার হয়ে পৌর ইউ মার্কেটের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা তাঁদের রিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশার ভেতর থেকে তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি তাঁর ডান হাতে লাগে। অন্য দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

লিটনের সঙ্গে থাকা হাসু জানান, একটি গুলি তাঁর পেট ঘেঁষে চলে যায়। তবে এতে তিনি আহত হননি।

রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, এক্স-রে পরীক্ষায় দেখা গেছে, গুলিটি লিটনের হাতের মাংসের মধ্যে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft