রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত, এলাকায় আতঙ্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ৩)
নেত্রকোণার মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মিশন সংলগ্ন সড়কে সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সুজন পালকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত সুজন পাল পার্শ্ববর্তী খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের ‘মনোরমা মিষ্টান্ন ভান্ডার’ নামের একটি দোকানে চাকরি করতেন এবং স্ত্রী-সন্তান নিয়ে মাইলোড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে পূজা মণ্ডপে দেওয়ার জন্য ফুল তুলতে যান সুজন পাল। এ সময় মোটরসাইকেলে থাকা অজ্ঞাতপরিচয় মুখোশধারী দুর্বৃত্তরা তাঁকে কাছে ডেকে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির ঠিকানা জানতে চায়। একপর্যায়ে দুর্বৃত্তদের একজনের কাছে অস্ত্র দেখতে পেয়ে ভয়ে সুজন পাল দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কান্তি তালুকদার জানান, সুজন পালের পিঠের ডানপাশে গুলি লেগেছে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থা বিবেচনায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ঘটনার খবর পেয়ে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান এবং মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’ এই আকস্মিক সশস্ত্র হামলার ঘটনায় মাইলোড়া ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft