বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
ফুলবাড়ীয়ায় স্কুলের অফিসকক্ষে স্বামী-স্ত্রী শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ৬)
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার রাত থেকে ১ মিনিট ৩৭ সেকেন্ডের এই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে পুরো উপজেলাজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনাটি উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। হাতাহাতিতে জড়ানো দুজন হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন এবং সহকারী শিক্ষিকা আসমা বেগম। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী। পারিবারিক কলহের জেরে প্রায় ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের ভেতরেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং মামলাও চলমান। সেই বিরোধের জেরে মাঝেমধ্যে বিদ্যালয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনার দিন তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতি হলে তিনি সহকর্মী শিক্ষকদের দিয়ে সেই দৃশ্য ভিডিও ধারণ করান।

তিনি আরও জানান, ২০০৪ সালে তাঁদের বিয়ে হলেও বিগত প্রায় ১৪ বছর ধরে তাঁরা আলাদা বসবাস করছেন। তবে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়নি। বিদ্যালয়ের মতো পবিত্র জায়গায় এমন ঘটনা ঘটানো ঠিক হয়নি স্বীকার করে তিনি বলেন, এর আগেও দু-তিনবার বিদ্যালয়ে তাঁদের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী শিক্ষিকা আসমা বেগমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

জানা গেছে, বর্তমানে বিদ্যালয়টিতে পাঁচজন শিক্ষক কর্মরত রয়েছেন এবং শিক্ষার্থীর সংখ্যা ৯০ জনের বেশি। কোমলমতি শিক্ষার্থীদের সামনে ও বিদ্যালয় প্রাঙ্গণে এমন ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ফুলবাড়ীয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, "ঘটনাটি ১০ থেকে ১২ দিন আগের হলেও ভিডিওটি সম্প্রতি আমাদের নজরে এসেছে। বিদ্যালয়ে শিক্ষকদের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার (১৪ অক্টোবর) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশমালাসহ চিঠি পাঠানো হবে।"

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft