ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব রংপুরের কার্যালয় দখলের চেষ্টা করে একটি গ্রুপ। পরে পূণরায় দখলে নেয় ক্লাবটির বর্তমান কমিটি। অন্যদিকে একাদশ শ্রেণিতে ভর্তির মধ্যে ক্লাব দখলের চেষ্টার ঘটনায় আতঙ্কিত হয়ে পরেছে অত্র ক্লাব কর্তৃক পরিচালিত লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যার দিকে ক্লাব কার্যালয় দখল ও পাল্টা দখলের ঘটনাটি ঘটে। এসময় জোরপূর্বকভাবে অত্র প্রতিষ্ঠানের গেটে প্রবেশের সময় বাধা দেয়ায় নিরাপত্তা বিভাগের ইনচার্জসহ তিনজনকে পিটিয়ে আহত করারও অভিযোগ উঠেছে দখলে নেওয়া গ্রুপের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে জানালে তারা লায়ন্স ক্লাব কার্যালয়ে জরুরি কাজ আছে দাবি করে জোরপূর্বক প্রবেশ করে। এসময় সিকিউরিটি ইনচার্জ অবসরপ্রাপ্ত সার্জেন্ট গোলাম রব্বানী ও নিরাপত্তাকর্মী পলাশ চন্দ্র দাস ও আশরাফুল ইসলাম বাধা দিলে তাদের বেধড়ক পিটিয়ে আহত করা হয়। এরপর ওই বহিরাগত দলটি ক্যাম্পাসের পাঁচতলায় অবস্থিত লায়ন্স ক্লাব অব রংপুরের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে কিছু সময় অবস্থানের পর তারা কার্যালয়ে নিজস্ব তালা ঝুলিয়ে দিয়ে স্থান ত্যাগ করে।
পরে বর্তমান কমিটির সদস্যরা পূণরায় ক্লাবটি তাদের দখলে নেয়। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যালয়টিতে এ ধরনের দখল ও পাল্টা-দখলের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক রোজেন বলেন, বর্তমানে কলেজটিতে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম চলছে। ক্লাব দখলের চেষ্টার ঘটনায় আতঙ্কিত হয়ে পরেছে অত্র ক্লাব কর্তৃক পরিচালিত লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
লায়ন্স ক্লাব অব রংপুরের সাবেক প্রেসিডেন্ট ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি লায়ন এনামুল হক সোহেল বলেন, লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক সামাজিক সেবার সংগঠন। রংপুরের ক্লাবটির দেশজুড়ে যেমন সুনাম রয়েছে, তেমনি রংপুর অঞ্চলের সবচেয়ে বড় প্রজেক্ট পরিচালনা করে আসছে ক্লাবটি। অথচ দীর্ঘদিনের ঐতিহ্যবাহি সংগঠনটি একটি গ্রুপ ভুল বুঝিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদের উষ্কে দিয়ে দখলের অপচেষ্টা চালাচ্ছে। সবচেয়ে আতঙ্কের বিষয়, বর্তমানে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম চলছে। এমন অবস্থায় ক্লাব দখলের চেষ্টা অত্যন্ত লজ্জাজনক। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি প্রশাসনকে অনুরোধ করবো, যারা এই দখলের জন্য চেষ্টা চালিয়েছে তাদের আইনের আওতায় নেওয়ার জন্য।
এ বিষয়ে লায়ন্স ক্লাব অব রংপুরের (২০২৬-২৭ মেয়াদ) নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মঞ্জিল মুরাদ লাভলু বলেন, আমরা ক্লাবের পক্ষ থেকে মাহিগঞ্জে সুবিধাবঞ্চিত ও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে ছিলাম। সেই সুযোগে বহিরাগত একটি দল প্রধান ফটকে নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালায় এবং তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। হামলাকারীদের সিসিটিভি ফুটেজ ও ভিডিও সংরক্ষিত রয়েছে।
তিনি আরও বলেন, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি পরিচালনা পর্ষদ রয়েছে। সেই পর্ষদের আমি নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু ফরিদ আহমেদ রুমিসহ একটি গ্রুপ আমাদের ইমেইল ও সার্ভার হ্যাক করে বেআইনিভাবে নিজেকে প্রেসিডেন্ট দাবি করছেন। এ বিষয়ে আমরা ইতোমধ্যে সাইবার সুরক্ষায় মামলা করেছি এবং শনিবারের হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে নিজেকে প্রেসিডেন্ট দাবি করে ফরিদ আহমেদ রুমি বলেন, আমি ২০২৬-২৭ মেয়াদের জন্য নির্বাচিত প্রেসিডেন্ট। কিন্তু কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য কার্যালয়টি অবৈধভাবে দখল করে রেখেছিল। শনিবার সেখানে গিয়েছিলাম এবং কার্যালয়টি সবার জন্য উন্মুক্ত করেছি। আমাদের চলে আসার পর একটি চক্র আবারও তালা ভেঙে নতুন তালা ঝুলিয়েছে বলে শুনেছি।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং নিরাপত্তার বিষয়টিতে জোর দেওয়া হয়।। ঘটনার তদন্ত সাপেক্ষে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের খবর/বিএস