সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
আজিজুল হক কলেজের উন্নয়নে ৬শ’ কোটি টাকার পরিকল্পনা: এমপি বাদশা
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ১১)
উচ্চশিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ সুন্দর করার অংশ হিসেবে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সার্বিক উন্নয়নে ৬শ’ কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। 

রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় সরকারি আজিজুল হক কলেজে এক ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল করিম বাদশা বলেন, আজিজুল হক কলেজ আমার অহংকার ও গর্বের জায়গা। আমি নিজেও একসময় এই কলেজের ছাত্র হিসেবে ক্লাসে গিয়েছি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছি। ফলে এই প্রতিষ্ঠানের প্রতি আমার গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা রয়েছে। বগুড়ার সুযোগ্য সন্তান ও শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী  তারেক রহমান আজিজুল হক কলেজের স্মৃতি স্মরণ করে এটিকে একটি নান্দনিক ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন।

প্রকল্পের বরাদ্দের বিষয়ে তিনি আরও বলেন, পূর্বে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সাড়ে তিন'শ কোটি টাকার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরবর্তীতে নতুন সংযোজন ও আধুনিকায়নের প্রয়োজন দেখা দেওয়ায় তা সংশোধন করে বর্তমানে প্রায় ৬শ’ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্য সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে এমপি রেজাউল করিম বাদশা বলেন, সাধারণ শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিদেশে যাওয়ার সুবিধার্থে বিনা সুদে ও বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা রাখা হয়েছে।

বগুড়ার সার্বিক উন্নয়ন কাঠামোর চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় অনুমোদিত হয়েছে, যেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি চিকিৎসা, বিজ্ঞান ও কৃষি বিভাগ থাকবে। এছাড়া বগুড়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক মানের বিজনেস জোন, শিল্প পার্ক এবং সিটি কর্পোরেশন বাস্তবায়নের মাধ্যমে পুরো অঞ্চলকে একটি অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার কাজ চলছে।

কলেজের সাম্প্রতিক ফলাফলের প্রশংসা করে তিনি বলেন, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রেজাল্টে আজিজুল হক কলেজ তৃতীয় স্থান অর্জন করেছে। আগামীতে এই কলেজ প্রথম স্থান অধিকার করবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম ও উপাধ্যক্ষ প্রফেসর শামসুল আলম পাশাসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার মিয়া , সহকারী প্রকৌশলী মো. সবুজ মিয়াসহ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রাফিউল আল-আমিন এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft