বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪ তম জন্মবার্ষিকী আজ
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:৩২ পিএম   (ভিজিট : ৬৬)
উপমহাদেশের রাগসংগীতের প্রবাদপুরুষ, বহু বাদ্যযন্ত্রের অনন্য সাধক ও সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪ তম জন্মবার্ষিকী। ১৮৬২ সালের ৮ই অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন আলাউদ্দিন খাঁ। 

শৈশবেই সংগীতসাধনায় আত্মনিয়োগ করে পরবর্তীতে তিনি সরোদসহ বিভিন্ন বাদ্যযন্ত্রে অসাধারণ দক্ষতা অর্জন করেন। তার শিষ্যদের মধ্যে ওস্তাদ আলী আকবর খান, পণ্ডিত রবিশঙ্কর, অন্নপূর্ণা দেবী, পান্নালাল ঘোষ ও নিখিল বন্দ্যোপাধ্যায়সহ উপমহাদেশের বহু খ্যাতিমান শিল্পী রয়েছেন। 

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, সংগীত নাটক আকাদেমি পুরস্কার ও ফেলোশিপসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন। তবে বিশ্বখ্যাত এই সংগীতসাধকের জন্মভূমি শিবপুরে তার স্মৃতি সংরক্ষণে এখনো বড় কোনো স্থায়ী উদ্যোগ বাস্তবায়িত হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। তার পৈতৃক ভিটাসহ বিভিন্ন স্মৃতিবিজড়িত স্থাপনা অযত্নে পড়ে রয়েছে। 

২০২৬ সালের ২৩ জুন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক নাহিদা সুলতানা শিবপুরে আলাউদ্দিন খাঁর জন্মভূমি পরিদর্শন করেন। পরিদর্শনের পর তার জন্মভূমিকে ঘিরে স্মৃতি জাদুঘর, কালচারাল সেন্টার, দর্শনার্থীদের অতিথিশালা ও স্মারক সংরক্ষণসহ একটি সমন্বিত পরিকল্পনা সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, শিবপুরে সুরসম্রাটের স্মৃতি ধরে রাখতে দ্রুত স্মৃতি জাদুঘর, সংগীত বিশ্ববিদ্যালয় ও আধুনিক সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। পাশাপাশি তার হাতে গড়া মসজিদ ও পুকুরটিও সংস্কার করে সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা। 

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান বলেন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি সংরক্ষণে শিবপুরে বিভিন্ন উদ্যোগ নেয়ার পরিকল্পনা করা হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রীকে নবীনগরে আসার আহ্বানও জানানো হয়েছে। তার জন্মভূমি পরিদর্শনের পর প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। ইউনিয়ন বিএনপি নেতা আবুল ফয়েজ, উপজেলা যুবদল নেতা মনজুরুল আলম মজনু, আলাউদ্দিন খাঁ মসজিদের প্রধান খতিব মাওলানা মোখলেসুর রহমান এবং সুরসম্রাটের দৌহিত্র লাখো খাঁর ছেলে রফিকুল ইসলামসহ স্থানীয়রা বলেন, শুধু শিবপুরের নয়, তিনি বাঙালি ও উপমহাদেশের গর্ব। তার জন্মভূমির স্মৃতি সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন।

আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft