
উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন।
শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মেলবন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইএল-এর চেয়ারম্যান ও ইউসিএসআই ইউনিভার্সিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদার, ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর ড. এইচ. এম. জহিরুল হক, প্রোভোস্ট মেজর সুমন সুবহান, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন এবং শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জে. মুনির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন এবং সোশাল সায়েন্সেস অ্যান্ড লিবারেল আর্টস অনুষদের ডিন ড. জোহা রহমান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর ড. এইচ. এম. জহিরুল হক।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, "শিক্ষা কেবল পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানার্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি চরিত্র গঠন এবং মানবিক মূল্যবোধ বিকাশের মূল চাবিকাঠি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু ভালো ক্যারিয়ারই তৈরি না করুক, বরং সততা, নিষ্ঠা ও উদ্ভাবনী চিন্তা নিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দিক।"
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের আবেগঘন অনুভূতি প্রকাশ। বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা তাঁদের শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ব্যক্ত করে বলেন, "ক্লাসরুম থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন, অনুপ্রাণিত করেছেন এবং আমাদের সম্ভাবনাকে বিশ্বাস করেছেন, তা অমূল্য। আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সাহস জোগানোর জন্য আপনাদের এই অবদান আমরা আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।"
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় শিক্ষাগুরুদের উদ্দেশে মনোজ্ঞ সাংস্কৃতিক ও সংগীত পরিবেশন করা হয়। সবশেষে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে আনন্দঘন পরিবেশে কেক কাটেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব