বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ১৩)
নিরাপদ পোল্ট্রি খাদ্য উৎপাদনই নিরাপদ প্রোটিন নিশ্চিতের অন্যতম ভিত্তি বলে মন্তব্য করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। গত মঙ্গলবার বিশ্ব ডিম দিবস উপলক্ষে পবিপ্রবির অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের পোল্ট্রি সায়েন্স বিভাগ এবং ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ থেকেই সেরাটা উদ্ভাবন করতে চাই। যুক্তিনির্ভর বিশ্লেষণ ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সবার জন্য নিরাপদ খাদ্য উৎপাদনই আমাদের মূল লক্ষ্য।’

‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পরে অনুষদীয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. সুশান্ত দাশ এবং বিশ্ব ডিম দিবস উদযাপন কমিটি-২০২৬-এর সদস্য সচিব অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার।

বক্তারা বলেন, ডিম একটি পরিপূর্ণ ও পুষ্টিকর খাদ্য। বিশ্বব্যাপী সুপারফুড হিসেবে পরিচিত খাদ্যগুলোর মধ্যে ডিম অন্যতম। বাংলাদেশে বর্তমানে বছরে মাথাপিছু ডিমের প্রাপ্যতা ১৩৫টি, যা গত বছর ছিল ১৩৬টি। মানুষের পুষ্টিচাহিদা পূরণে ডিমের গুরুত্ব তুলে ধরতে গত ৩০ বছর ধরে বিশ্বব্যাপী নানা প্রচারাভিযান পরিচালিত হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম বলেন, ডিম অত্যন্ত পুষ্টিকর হলেও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এর দাম কমানো জরুরি। পোল্ট্রি ফিডের অতিরিক্ত দাম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ডিমের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। এ সমস্যা সমাধানে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা প্রয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. মোস্তফা আনোয়ার। তিনি বিশ্ব ডিম দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ডিমের পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগত গুরুত্ব আলোচনা করেন। একই সঙ্গে প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের খান মোহাম্মদ নাফিউ, বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের মো. আবু বক্কর সিদ্দিক রাফি এবং অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের তাবাসসুম মোহনা।

শিক্ষার্থী মো. আবু বক্কর সিদ্দিক রাফি বলেন, খামারিদের টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে ভর্তুকি ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি পুষ্টিগুণসমৃদ্ধ ও মানসম্মত ডিম উৎপাদনে খামারিদের উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে বিশ্ব ডিম দিবস উদযাপন কমিটি-২০২৬-এর সদস্য সচিব অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার ডিমের পুষ্টিগুণ, নিয়মিত ডিম খাওয়ার উপকারিতা এবং এবারের প্রতিপাদ্যের তাৎপর্য নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

আলোচনা সভায় বক্তারা ডিমের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরার পাশাপাশি ডিমের বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং দেশের পোল্ট্রি খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft