জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ১৪ অক্টোবরের সংঘর্ষের বিচার দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনকে ‘মব’ হিসেবে আখ্যা দিয়েছেন তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. শাখাওয়াত হোসেন সরকার। প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে তার এমন মন্তব্যে ক্ষোভ জানান আন্দোলনকারীরা। অন্যদিকে, দীর্ঘ ২৫ দিনেও তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীদের চাপের মুখে সোমবার (৯ নভেম্বর) প্রতিবেদন চূড়ান্ত করার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার বেলা ১১টার পর কলা অনুষদ থেকে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। হাতে প্ল্যাকার্ড ও মুখে স্লোগান নিয়ে তারা ভবনের ফটকে অবস্থান নেন। তাদের প্রধান দাবি, ওই সংঘর্ষের তদন্ত প্রতিবেদন সোমবারের মধ্যে প্রকাশ এবং প্রতিবেদন জমা দেওয়ার সাত দিনের মধ্যে বিশেষ সিন্ডিকেট সভা করে সিদ্ধান্ত বাস্তবায়ন।
এ সময় প্রক্টর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, তদন্তের নিরপেক্ষতা নিশ্চিত করতে গত ১০ দিনে ছয় থেকে সাতটি আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। প্রতিবেদনও প্রায় প্রস্তুত। শিগগিরই শৃঙ্খলা বোর্ডের সভা আয়োজনের আশ্বাস দেন তিনি। তবে তদন্তের দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিব। তিনি প্রশ্ন রাখেন, “১০ দিনে ৬,৭ বার বৈঠক করেছেন, আমি মারা গেলে আর কয়দিন বৈঠক করতেন?”
উপাচার্য ক্যাম্পাসে অনুপস্থিত থাকায় প্রক্টর শিক্ষার্থীদের নিয়ে যান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদার কাছে। সেখানে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কোষাধ্যক্ষ জানান, সাক্ষীদের বক্তব্য সংগ্রহ, ক্লাস ও পরীক্ষার সময়সূচি এবং বিভিন্ন ভিডিও ফুটেজ যাচাইয়ের কারণে প্রতিবেদন তৈরিতে সময় লাগছে। নির্ভুল ও নিরপেক্ষ সিদ্ধান্তের স্বার্থেই এসব তথ্য পর্যালোচনা করা হচ্ছে। সোমবারের মধ্যেই তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হবে বলে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। উপাচার্য মঙ্গলবার ক্যাম্পাসে ফিরলে দ্রুত শৃঙ্খলা বোর্ডের সভা আহ্বানের পরামর্শ দেবেন বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, “দৃষ্টান্তমূলক শাস্তি হবে।”
আলোচনার একপর্যায়ে তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. শাখাওয়াত হোসেন সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে প্রশ্ন করেন, “তোমরা ‘মব’ করছো কেন?” একই সঙ্গে প্রশাসনিক কাজে বাধা দেওয়া এবং সিদ্ধান্ত আদায়ের জন্য প্রশাসনিক ভবন অবরুদ্ধ রাখার অভিযোগ তোলেন তিনি। এর প্রতিবাদে শিক্ষার্থীরা জানতে চান, শান্তিপূর্ণভাবে সংঘর্ষের বিচার দাবি করাকে কীভাবে ‘মব’ বলা যায়। এ সময় উপস্থিত কয়েকজন তাঁদের শান্ত থাকার পরামর্শ দেন।
শাখাওয়াতের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম জানান, কথোপকথনের প্রেক্ষাপটেই তিনি ওই মন্তব্য করেছেন।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনার পরদিন ১৫ অক্টোবর সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে ৯ নভেম্বর পর্যন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। শিক্ষার্থীরা জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং জড়িতদের বিরুদ্ধে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে।
আজকালের খবর/বিএস