নওগাঁর বদলগাছী উপজেলায় পলাশ হোসেন (৩৫)নামক একজন ব্যক্তি শিয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তিনি উপজেলার আধাইপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে নিজ এলাকায় বাঁশ কাটতে গিয়ে শেয়ালের আক্রমণের শিকার হন পলাশ হোসেন। শেয়াল মারাত্মকভাবে কামড়ে দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই তিনি নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন এবং জলাতঙ্কের ভ্যাকসিন গ্রহণ করেন।
তবে ঘটনার ১২ দিন পর তিনি পুনরায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে আবার নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শরীরে জলাতঙ্ক রোগের তীব্র উপসর্গ দেখা দিলে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। যুবদলের স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং তার শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
তবে জনসাধারণের কাছে এটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।টিকা দেওয়ার পরেও কেন জলাতঙ্ক হলো এই প্রশ্ন এখন মুখে মুখে।
আজকালের খবর/বিএস