সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, জনগণের পেটে লাথি মেরে, মা-বোনদের বুক খালি করে, রক্তপাত করে, আমাদের ভাই-বোন ও শিশুদের হত্যা করা হয়েছে। সেই হত্যার বিচারের আওতায় আসতে ডিসেম্বর পর্যন্ত নয়, তাদের এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে হুঙ্কার না দিয়ে সাহস থাকলে ও বুকের পাটা থাকলে বাংলাদেশের মাটিতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের জন্য ফাঁসির মঞ্চ ও বিচার প্রস্তুত রয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা অতীতে দেখেছি, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, শুধু লুটপাট করেছে। তারা বাংলাদেশের বা জামালপুরের কোনো উন্নয়ন করেনি। ঢাকা শহরের কয়েকটি ব্রিজ আর ওভারপাস বানিয়ে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। এই টাকা এ দেশের জনগণের কষ্টের টাকা।
জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, সুলতান মাহমুদ বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ। সমাবেশ শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
আজকালের খবর/কাওছার আল হাবীব