রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাদ খসে পড়ার আশঙ্কায় রামপালের ১,৭৭০ শিশু শিক্ষার্থী
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ২১)
বৃষ্টির পানি চুইয়ে পড়া শ্রেণিকক্ষ, খসে পড়া ছাদের পলেস্তারা আর দেয়ালের বড় ফাটল নিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিশুরা। বাগেরহাটের রামপাল উপজেলায় ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব বিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করছে প্রায় ১ হাজার ৭৭০ জন শিশু। দীর্ঘদিন ধরে সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় চরম দুর্ঘটনার শঙ্কা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ দিন কাটাচ্ছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রামপাল উপজেলায় মোট ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১৯টি বিদ্যালয় ভবনকে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চাহিদা পাঠানো হয়েছে।

সরেজমিনে উপজেলার মুজিবনগর চর (বাঁশতলী) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ ভবনের চারপাশে পানি জমে আছে। নেই দরজা-জানালা। দেয়াল ও পিলারে বড় বড় ফাটল এবং ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টির সময় ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ায় নষ্ট হচ্ছে বই-খাতা। শুধু এই বিদ্যালয়টিই নয়, উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়ে একই চিত্র দেখা গেছে। কোথাও ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনের পাশেই চলছে পাঠদান, আবার কোথাও স্থায়ী ভবন না থাকায় টিন বা গোলপাতার অস্থায়ী ঘরে ক্লাস নিতে হচ্ছে। প্রচণ্ড গরমে টিনের ঘর অসহনীয় হয়ে ওঠায় পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ঝুঁকিপূর্ণ ১৯টি বিদ্যালয়ের মধ্যে রয়েছে—দ্বিজবর মল্লিক মেমোরিয়াল হাতীরবেড় সুলতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সগুনা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালবুনিয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুজিবনগর চর (বাঁশতলী) সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বাঁশতলী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বি.এস. কুইন্টন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্নি ছায়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্নাসী তালুকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রনসেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতকাটা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলপুকুরিয়া পেড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলদাহ হাজী সাহেব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরম্ভা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরম্ভা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামাবাদ দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মুজিবনগর চর (বাঁশতলী) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার জাকির জানান, দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। শিশুদের পড়ানোর পাশাপাশি তাদের নিরাপত্তা নিয়েও সবসময় দুশ্চিন্তায় থাকতে হয়। ভবনটি দ্রুত অপসারণ করে নতুন ভবন নির্মাণ করা অত্যন্ত জরুরি।

বিদ্যালয়ের শিক্ষার্থী রাহুল দাস, শামিমা খাতুন ও আদনান রহমান জানায়, ছাদ থেকে প্রায়ই বালু ও সিমেন্টের গুঁড়া খসে পড়ে। বৃষ্টি হলে শ্রেণিকক্ষে ও মাঠে পানি জমে যায়। গরমের সময় টিনের ঘরে বসে পড়াশোনা করাও কষ্টকর। তারা দ্রুত নতুন ভবন চায়।

স্থানীয় অভিভাবক মো. জাহাঙ্গীর হোসেন ও মোছা. রেহানা বেগম উদ্বেগ প্রকাশ করে বলেন, স্কুলের বর্তমান অবস্থা দেখে সন্তানকে স্কুলে পাঠাতে সবসময় ভয় লাগে। দ্রুত নতুন ভবন নির্মাণ করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার জানান, তিনি সম্প্রতি এ উপজেলায় যোগ দিয়ে কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করে ১৯টি বিদ্যালয়কে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। এসব বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চাহিদা পাঠানো হয়েছে। ভবন সংকটের কারণে কিছু স্থানে স্থানীয়দের সহযোগিতায় গোলপাতার ঘরেও পাঠদান চলছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft