ঝিনাইদহ-যশোর ছয় লেন মহাসড়কের অধিগ্রহণকৃত স্থাপনার কালীগঞ্জের অংশের ক্ষতিগ্রস্ত প্রায় দেড় হাজার ব্যবসায়ী ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। তাদের অভিযোগ, একই প্রকল্পের অধিন যশোর অংশের ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া হলেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এতে কালীগঞ্জে প্রায় দেড় হাজার ব্যবসায়ী ও ২৫ শত শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পরিবারসহ প্রায় ২০ হাজার মানুষের জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়বে। এ সন্মেলনে তারা ঘোষণা দেন আগামী ১৫ দিনের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে আইনি পদক্ষেপের পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হবেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ মটর মালিক সমিতির অফিসে কালীগঞ্জ ক্ষতিগ্রস্থ দোকান ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণে উই কেয়ার ফেজ-১ প্রকল্পের আওতায় কালীগঞ্জ অংশের দোকানঘর স্থাপনা অধিগ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে অধিকাংশ ভূমি মালিক তাদের জমি ও স্থাপনার ক্ষতিপূরণ গ্রহণ করলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। ক্ষতিপূরণের দাবিতে তারা গত বছরের ১৭ আগস্ট, ২৩ নভেম্বর এবং চলতি বছরের ২ মার্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছেন। কিন্তু, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা কোনো সমঝোতা ছাড়াই তাদের শুনানি মুলতবি রেখেছে।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা আরো উল্লেখ করেছেন, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ আইনে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ পাওয়ার বিধান রয়েছে। সেই আইনে একই প্রকল্পে যশোর অংশের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আইন অনুযায়ী ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। কিন্তু ঝিনাইদহ কালীগঞ্জ অংশের ব্যবসায়ীদের দিচ্ছেনা । এ পর্যন্ত তারা সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন ও যোগাযোগ করেও কোনো সমাধান পাননি। এজন্য ব্যবসায়ীদের দাবী ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ভূমি মালিকদের স্থাপনা অপসারণ বন্ধ রাখতে হবে। পাশাপাশি গত ১৬ জুলাই ক্ষতিপূরণ চেয়ে করা আবেদনের বিষয়ে উচ্চ আদালতের ২০ আগস্টের আদেশ বাস্তবায়নেরও দাবি জানান।
কালীগঞ্জ ক্ষতিগ্রস্থ্য দোকান ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য আন্দোলনের আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, ব্যবসায়ী ও বিএনপি নেতা সামসুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি আজাদ রহমান, সংগঠনের যুগ্ন আহবায়ক বায়োজিদ হুসাইন, আজিজুর রহমান তপন ও মাসুম বিল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আজকালের খবর/বিএস