সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
ইসলামপুরে ১২৮ প্রধান শিক্ষকের পদ শূন্য, ঝরে পড়ছে শিক্ষার্থী
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১০৩)
জামালপুরের ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা শিক্ষা অফিসে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার ১৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২৮টিতেই নেই কোনো স্থায়ী প্রধান শিক্ষক। শিক্ষক সংকট, তদারকির অভাব এবং বিভিন্ন অনিয়মের কারণে বিদ্যালয়গুলোতে দিন দিন কমছে শিক্ষার্থীর উপস্থিতি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ইসলামপুরে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৮৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি ১৭৭টি স্কুলের প্রধান শিক্ষক পদের মধ্যে মাত্র ৪৮ জন কর্মরত আছেন এবং ১২৮টি বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এছাড়া ৫৬ জন সহকারী শিক্ষক এবং তিনটি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার (এটিও) পদও খালি রয়েছে। সংশ্লিষ্ট ২৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে আদালতে মামলা থাকায় পদোন্নতি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে আছে।

সরেজমিনে বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায়, বীর সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৬ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ১০ জন এবং মোহাম্মদপুর বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন শিক্ষক ও মাত্র ৬ জন শিক্ষার্থীর উপস্থিতি মিলেছে। এছাড়া পূর্ব পোড়ারচর, দক্ষিণ মোহাম্মদপুর, সাজলের চরসহ বেশ কয়েকটি বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি হাতে গোনা কয়েকজন। এমনকি দক্ষিণ চিনাডুলী ও হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী উভয়কেই শূন্য বা অনুপস্থিত দেখা গেছে।

প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত শিক্ষকদের ওপর বাড়তি প্রশাসনিক চাপ পড়ছে এবং নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষক জেলা সদরে বসবাস করে নিয়মিত বিদ্যালয়ে আসেন না বলেও অভিযোগ রয়েছে। এতে অভিভাবকদের মধ্যে হতাশা তৈরি হওয়ায় অনেকেই সন্তানদের মাদরাসা বা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন।

এ বিষয়ে সদ্য যোগদানকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বর্ণজীব দেব বলেন, "আমি সবেমাত্র যোগদান করেছি, বিভিন্ন অনিয়মের খোঁজখবর নিচ্ছি। ১৭৭টি সরকারি বিদ্যালয় নিয়মিত তদারকি করা অত্যন্ত কঠিন।" শিক্ষার মানোন্নয়নে তিনি স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft