কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আটক যুবকের নাম আজিবর রহমান (২৪)।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
এর আগে সোমবার দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা সংলগ্ন ভারতীয় ভূখণ্ড প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। জানা গেছে আটক ব্যক্তি তার আত্মীর বাড়ি থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত মধ্যে রাতে সীমানা পিলার ৯৮৮ এর নিকটবর্তী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ওই যুবক। এসময় সে বিএসএফের সামনে পড়ে। আটক আজিবরকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে আইনগত প্রক্রিয়া চলছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ সেখানে তাকে আটক করে। আটক নাগরিককে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আজকালের খবর/বিএস