![]() |

পটুয়াখালীর মহিপুরে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মহিপুর থানাধীন নয়াপাড়া এলাকার আয়েশা ছিদ্দিকা (রা.) জামে মসজিদের সামনে কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু মহিপুর থানার আলীপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি দল নয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করা বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লুকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে কৌশলে আল আমিন খলিফা (৪২) ও মো. রুমান (২২) নামে আরও দুজন পালিয়ে যায়। আল আমিন খলিফা নয়াপাড়া এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে এবং মো. রুমান একই এলাকার আমির ফকিরের ছেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লুকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হচ্ছে।
আজকালের খবর/ এমকে