নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়ায় এলাকায় গত বছর শুষ্ক মৌসুমে মাটি কেটে খাল ভরাট করে দখল করা হয়। ওই খালের প্রায় ব্রীজের সমান করে মাটি ফেলা হয়। মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের-এর নজরে এলে তিনি সেই মাটি অপসারণের নির্দেশ দেন।
নির্দেশ দেয়ার প্রায় দুই মাস পর ভরাট করা মাটি অপসারণ করে খাল দখলমুক্ত করার কাজ শুরু করা হয়েছে। জানা গেছে, তেতুলিয়া গ্রামের বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী দিলরুবা ওই মাটি ভরাট করে খাল দখল করেন।
শনিবার সরেজমিন পরিদর্শনকালে দিলরুবা জানান, এটা সরকারি জায়গা, আমি সেটা বুঝি নাই। স্থানীয় ভূমি অফিসও মাটি ভরাট কাজের সময় আমাকে নিষেধ করে নাই। আমাদের জায়গা জমি নাই।
তাই এখানে মাটি কেটে ভরাট করি। দিলরুবা বলেন, এটা খাল নয়, এটা কান্দা। মোহনগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের-এর নজরে এলে তিনি দুমাস আগে ভরাটকৃত মাটি অপসারণের নির্দেশ দেন। সেই নির্দেশের প্রেক্ষিতে দিলরুবা এখন ভরাটকৃত মাটি অপসারণ করছেন। ভূমি অফিস সূত্রে জানা গেছে, এটা খাস জমি।
আজকালের খবর/ এমকে