মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে রেকর্ড গতিতে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইসিই
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৪৬ এএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ১১:৪৯ এএম  (ভিজিট : ২৯৭৬)
চলতি বছরের শুরুতে মিনেসোটায় দুই আলোচিত বিক্ষোভকারী নিহত হওয়ার পর অভিযান কিছুটা শিথিল করেছিল যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। তবে এখন সংস্থাটির কর্মকর্তারা রেকর্ড গতিতে গ্রেপ্তার অভিযান চালাচ্ছেন।

কংগ্রেসের কাছে পাঠানো আইসিইর অভ্যন্তরীণ পরিসংখ্যানের বরাত দিয়ে শুক্রবার দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, জুলাইয়ের প্রথম ১২ দিনে প্রতিদিন গড়ে ১,৪০০-এর বেশি মানুষকে আটক করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক কর্মকর্তা পত্রিকাটিকে জানান, চলতি মাসে কয়েক দিন আইসিই দৈনিক অন্তত ২,০০০ জনকে গ্রেপ্তারের লক্ষ্য পূরণ করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এ সর্বোচ্চ দৈনিক গড় রেকর্ড হয়েছে। চলতি মাসে টেক্সাস ও মেইনে আইসিই কর্মকর্তাদের গুলিতে দুই গাড়িচালক নিহত হওয়ার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ ছাড়া মঙ্গলবার ফ্লোরিডায় অভিবাসন ও অন্যান্য ফেডারেল কর্মকর্তাদের কাছ থেকে পালানোর সময় একটি ট্রাক্টর-ট্রেইলারের ধাক্কায় আরেক ব্যক্তি নিহত হন।

এ বিষয়ে মন্তব্যের জন্য আইসিই ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে দ্য ইন্ডিপেনডেন্ট।

গত বছর ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বছরে ১০ লাখ অভিবাসীকে বহিষ্কারের লক্ষ্য ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে 'অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ' বন্ধ করা হবে। এই লক্ষ্য পূরণ করতে হলে প্রতিদিন গড়ে প্রায় ২,৮০০ জনকে গ্রেপ্তার করতে হবে।

আইসিইর তথ্য অনুযায়ী, জুন মাসে ৩৯ হাজার ৫০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। দৈনিক গড় গ্রেপ্তার ছিল ১,৩১৯ জন। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গত ডিসেম্বরে হওয়া আগের রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।
বর্তমানে দৈনিক গড় গ্রেপ্তারের সংখ্যা ১,৪৩৩। এ ধারা মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকলে জুলাইয়ে মোট গ্রেপ্তার ৪৪ হাজার ছাড়িয়ে যাবে।

ফেডারেল কর্মকর্তাদের গুলিতে মিনিয়াপোলিসে রেনি গুড ও অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর দৈনিক গড় গ্রেপ্তার জানুয়ারির ১,১৬৪ থেকে ফেব্রুয়ারিতে ১,০২৫-এ নেমে আসে।

মার্চে তৎকালীন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছিলেন, নিহত দুজনই অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ছিলেন। এর পর ট্রাম্প তাকে বরখাস্ত করেন। একই মাসে আইসিইর দৈনিক গ্রেপ্তার গড়ে ৯৫৪ জনে নেমে আসে, যা চলতি বছরের সর্বনিম্ন। এরপর কয়েক মাস তা প্রায় ১,০০০-এর কাছাকাছি থাকলেও জুনে গ্রেপ্তার ৩৩ শতাংশের বেশি বেড়ে যায়।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft