রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন মেলা, বিশ্বের নজর বাংলাদেশের পর্যটন
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ এএম   (ভিজিট : ১৯)
মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনী ও সম্মেলন ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (আইএনটিএসি’২৬)’। 

২ থেকে ৪ অক্টোবর কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (কেএলসিসি) আয়োজিত এ আন্তর্জাতিক মেলায় বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং বাংলাদেশি ভ্রমণপ্রযুক্তি প্রতিষ্ঠান এম৩৬০ আইসিটি অংশ নিয়েছে। দুটি বুথে দেশের পর্যটন সম্ভাবনা, আকর্ষণীয় গন্তব্য, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি এবং পর্যটন খাতের তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশের বুথে বিদেশি দর্শনার্থীদের পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদেরও ব্যাপক উপস্থিতি দেখা গেছে। শিক্ষার্থীরা নিজেদের সহপাঠীদের সঙ্গে নিয়ে বুথ পরিদর্শন করছেন এবং তাদের কাছে বাংলাদেশের পর্যটন, ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরছেন।

মেলার অংশ হিসেবে ২ অক্টোবর বিকাল ৩টায় উন্মুক্ত মঞ্চে বাংলাদেশের পর্যটনবিষয়ক বিভিন্ন ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির বৈচিত্র্য আন্তর্জাতিক দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। 

শামিমার নেতৃত্বে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি সংস্কৃতিকর্মীদের একটি দল সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। তাদের আকর্ষণীয় পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায়। সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্য আন্তর্জাতিক দর্শকদের কাছে তুলে ধরা হয়।

মেলার প্রথম দিন বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশি বুথসহ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি মেলায় আগত দর্শনার্থীদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের পর্যটন, শিল্প ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রসার এবং এসব খাতসংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি সেবা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথি আকবাল সেতিয়া, উপমহাপরিচালক (প্রমোশনস) ও সচিবালয় প্রধানসহ সংশ্লিষ্ট অতিথি, আয়োজক এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের বুথ পরিদর্শন করেন। তারা আন্তর্জাতিক এ আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের জন্য বাংলাদেশি প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং দেশের পর্যটন ও সাংস্কৃতিক সম্ভাবনা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

আইএনটিএসি’২৬-এ বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশ অংশ নিয়েছে। মেলায় রয়েছে ১৫৫টি বুথ। এর মাধ্যমে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে বাংলাদেশের বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ, ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি পর্যটন খাতের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের পর্যটন, শিল্প ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রচারে ভূমিকা রাখার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়াবে। একই সঙ্গে পর্যটন ও প্রযুক্তি খাতে আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগও তৈরি হতে পারে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft