রবিবার ২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মানে ফিরবে শহীদ চান্দু স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:১৩ এএম   (ভিজিট : ৪৫৩)
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশে যদি কোন বঞ্চিত জেলা থাকে তার নাম বগুড়া। উন্নয়ন বঞ্চিত করে বগুড়াকে অনেক পিছনে ফেলে রাখা হয়েছে। উন্নয়ন বঞ্চিত এই জেলাকে এগিয়ে নিতে বিশেষ পরিকল্পনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বগুড়ায় ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে।

পাশাপাশি বগুড়ার অবহেলিত সব ধরনের ক্রীড়া অবকাঠামো নতুনভাবে গড়ে তোলা হবে।

গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় জেলা প্রশাসনের কর্মকর্তা ও বগুড়া জেলার ক্রীড়া সংগঠকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ক্রীড়া ভাতা চালু করেছেন। খেলোয়াড়দের সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এই কার্ড কার্যকর ভূমিকা রাখবে।

আগামী ২ মে সিলেটে দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশের ১২-১৪ বছরের কিশোর-কিশোরীরা আটটি ইভেন্টে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আগামী বছর থেকে এই প্রতিযোগিতায় আরও খেলা সংযোজন করা হবে।

তিনি আরও বলেন, খেলাধুলাকে প্রধানমন্ত্রী এতোটাই গুরুত্ব দিয়েছেন যে, আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে এই আটটি ইভেন্ট বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হচ্ছে। তখন ওই শিক্ষার্থীরা ডিভাইসে আকৃষ্ট হবে না।

এদিকে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফিরতে যাচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। আজ সোমবার দুপুরে স্টেডিয়ামটির অবকাঠামো ও সার্বিক সুযোগ-সুবিধা পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই ঘোষণা দেন।

তিনি জানান, এক সময়ের অত্যন্ত কার্যকর এই আন্তর্জাতিক ভেন্যুটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও বর্তমান সরকার এটিকে আইসিসির নির্ধারিত মানদন্ড অনুযায়ী পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত শুরু করা হবে। বিশেষ করে আগামী জুলাই মাসে 'প্রমিলা বিপিএল' আয়োজনের একটি পরিকল্পনা রয়েছে এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই মাঠটিকে প্রস্তুত করা হচ্ছে। 

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft