মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা, শিল্প বিপ্লবের অগ্রদূত, শিক্ষানুরাগী, জনহিতৈষী, বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে সর্বস্তরের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজনের পাশাপাশি উদ্বোধন করা হয়েছে মানিকগঞ্জের বহুল প্রত্যাশিত একমাত্র আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবা।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি। এছাড়া উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, উপাধ্যক্ষ ডা. বোরহান উদ্দিন আহাম্মেদসহ কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
কবর জিয়ারতের পর মন্ত্রী মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০ তলা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। পাশাপাশি মেডিকেল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
সকাল ৯টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল করিম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন যৌথভাবে বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। পরে আনুষ্ঠানিকভাবে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সেবার উদ্বোধন করা হয়।
এ সময় হাসপাতালের চিকিৎসাসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজন চিকিৎসককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, দিনব্যাপী পরিচালিত বিনামূল্যের চিকিৎসাসেবা কার্যক্রম রাত ১২টা পর্যন্ত চলবে।
আজকালের খবর/বিএস