‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান গোলাম রব্বানী প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসূল আলম চৌধুরী, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ট্রেজারার অধ্যাপক সেলিম জাহাঙ্গীর এবং আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম স্বপন (বিএসসি)। এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। এ জন্য কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা, নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুবসমাজকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। পাশাপাশি সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতিগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আজকালের খবর/বিএস