গ্যাসের বর্তমান ব্যবহার ও সরবরাহের কাঠামো অপরিবর্তিত থাকলে ২০৩৪ সালে বাংলাদেশকে বছরে সর্বোচ্চ ৩৩ দশমিক ৩ বিলিয়ন ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হতে পারে। এতে ২০২৭ থেকে ২০৩৪ সাল পর্যন্ত এলএনজি আমদানি ও টার্মিনাল বাবদ মোট ব্যয় দাঁড়াতে পারে ৬৩ থেকে ৮০ বিলিয়ন ডলার। অর্থাৎ আট বছরে এ খাতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয়ের চাপ তৈরি হবে।
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) এক গবেষণায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
রোববার ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের জ্বালানি সংকট: তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি নীতি-করণীয়’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করা হয়।
গবেষণায় বলা হয়েছে, ২০২৫ সালে বাংলাদেশ ৯ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার এলএনজি আমদানি করেছে। গ্যাসের বর্তমান অংশ বজায় থাকলে ২০৩৪ সালে আমদানির পরিমাণ বেড়ে ২৬ দশমিক ১ থেকে ৩৩ দশমিক ৩ বিলিয়ন ঘনমিটারে পৌঁছাতে পারে। ২০২৫ সালের আন্তর্জাতিক বেঞ্চমার্ক মূল্য ধরে এই ব্যয়ের হিসাব করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা বাড়বে দ্বিগুণের বেশি
গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বাড়বে। ২০২৫ সালে গ্রিড বিদ্যুতের বার্ষিক চাহিদা ছিল ১ লাখ ৩ হাজার গিগাওয়াট-ঘণ্টা। ২০৩৪ সালে তা বেড়ে ২ লাখ ১১ হাজার গিগাওয়াট-ঘণ্টায় পৌঁছাতে পারে। অর্থাৎ বছরে অতিরিক্ত ১ লাখ ৮ হাজার গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ প্রয়োজন হবে।
এ সময়ে মোট জ্বালানি চাহিদা ৫ লাখ ৬৩ হাজার গিগাওয়াট-ঘণ্টা থেকে বেড়ে ৯ লাখ ৭ হাজার গিগাওয়াট-ঘণ্টায় দাঁড়াতে পারে। বাড়তি চাহিদা ৬১ শতাংশ। সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা পৌঁছাতে পারে প্রায় ৩৫ হাজার মেগাওয়াটে।
গবেষণায় বলা হয়েছে, বিদ্যমান সব বিদ্যুৎকেন্দ্র এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ নির্মাণাধীন কেন্দ্রগুলো শতভাগ সক্ষমতায় চালালেও ভবিষ্যতের চাহিদা মেটানো কঠিন হবে। ২০৩০-৩১ অর্থবছর থেকেই নির্ভরযোগ্য উৎপাদন সক্ষমতার ঘাটতি দেখা দিতে পারে। ২০৩৩-৩৪ অর্থবছরে এই ঘাটতি প্রায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াটে পৌঁছাতে পারে।
আমদানিনির্ভরতা কমানোর তাগিদ
গবেষণায় বলা হয়েছে, বাড়তি বিদ্যুৎ চাহিদা মেটাতে শুধু এলএনজি আমদানির ওপর নির্ভর করলে বৈদেশিক মুদ্রার ওপর বড় চাপ তৈরি হবে। তাই দেশীয় গ্যাস অনুসন্ধান, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য বাড়াতে হবে।
এ ছাড়া বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ, জ্বালানি সংরক্ষণ ও এলএনজি অবকাঠামো নিয়ে সমন্বিত দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির সুপারিশ করেছে র্যাপিড। গবেষণায় ২০৩৪ সালের অর্থনীতির আকার প্রাক্কলনে বছরে ৭ দশমিক ৮৫ শতাংশ প্রকৃত প্রবৃদ্ধি, ৬ শতাংশ মূল্যস্ফীতি এবং টাকার ৫ শতাংশ অবমূল্যায়ন ধরা হয়েছে।
আজকালের খবর/ এমকে